Home » বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা

বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনা

সময় কলকাতা ডেস্কঃ বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে থাকায় বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল মালদহ। শনিবার সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ গেল সরীসৃপ, উভচর মেরুদণ্ডী ও পূর্ণ বয়স্ক গবাদিপশুর। যদিও প্রাণে বেঁচে গিয়েছে এক কিশোর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার নয়নপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে গোয়ালঘর থেকে গোরু বের করছিল রেজ্জাক আলী নামে স্থানীয় এক কিশোর। সেসময় ওই কিশোর এবং গোরুটি বৈদ্যুতিক খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে তড়িতাহিত হয়। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই স্থানীয়রা তড়িঘড়ি ওই কিশোরকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এরপরই ওই কিশোরকে প্রাণে বাঁচানো গেলেও পূর্ণ বয়স্ক গরুটি ঘটনাস্থলেই মারা যান।

যদিও ঘটনাস্থলে আগে থেকেই একটি বিষধর সাপ ও ব্যাঙ মৃত অবস্থায় পড়েছিল বলেই জানিয়েছেন নয়নপুরের বাসিন্দা শাহাজান আলী। তিনি জানান, এলাকায় প্রায়ই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট থাকে। এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ জানানো হলেও কোনোরকম সুরাহা মেলেনি বলেই দাবি তার। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, এদিন ওই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকার কথা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের জানানো সত্ত্বেও কেউ ঠিক করতে আসেনি। তাদের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে বলেই দাবি করেন তারা। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলেই সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

About Post Author