সময় কলকাতা ডেস্কঃ ২০২২ সালে দাঁড়িয়ে আদালতের এজলাসে মেয়েরা সমাজের বোঝা, এমন সওয়াল শুনে কার্যত অবাক সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। শুক্রবার একটি মামলার পরিপ্রেক্ষিতে এক আইনজীবীর গলায় এমনটা শুনেই বিচারপতি বলেন, মেয়েরা কখনওই বোঝা নয়। দয়া করে সংবিধানে ১৪ নং ধারায় যেন তিনি চোখ বুলিয়ে নেন। তাতেই বিষয়টি পরিষ্কার হবে।
২২ জুলাই বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এস বোপান্নার ডিভিশন বেঞ্চে একটি ভরণপোষণ মামলার শুনানি চলছিল। মামলাকারী এক তরুণী তাঁর বাবার কাছ থেকে ভরণপোষণের দাবি জানিয়ে ওই মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই তরুণীর বাবার আইনজীবী শুনানি চলাকালীন মেয়েরা বোঝা বলে কড়া মন্তব্য করেন।
বিচারপতি চন্দ্রচূড় আইনের ছাত্রীর পরীক্ষার বিষয়ে আইনজীবীকে সহায়তা করার নির্দেশও দেন। পাশাপাশি তরুণী বাবার উদ্দেশ্যে বিচারপতির মন্তব্য, এমন মেয়ের জন্য আপনার গর্ব করা উচিত। আপনি পাল্টা অভিযোগ করছেন, মেয়ে আপনার সঙ্গে কথা বলে না। এরপর বিচারপতির উদ্যোগে বাবা এবং মেয়ের মধ্যে ৩৩ বছর পর প্রথম কথা হয়।

প্রসঙ্গত, ২০০০ সালের ৫ অক্টোবর সুপ্রিম কোর্ট ওই তরুণী এবং তাঁর মাকে ২.৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তরুণীর বাবাকে। এরই মাঝে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর তরুণীর মায়ের মৃত্যু হয়। আদালতে ওই তরুণী অভিযোগ করেন, তাঁর মা কিংবা সে, কেউই ক্ষতিপূরণের টাকা পাননি। শুক্রবার সেই মামলারই শুনানি চলছিল শীর্ষ আদালতে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর