Home » জলযন্ত্রণায় ভুগছে ৫০ টি পরিবার

জলযন্ত্রণায় ভুগছে ৫০ টি পরিবার

সময় কলকাতা ডেস্কঃ এলাকায় পানীয় জলের সমস্যা। নেই শৌচাগার। নিত্যদিনই প্রতিকূলতার সঙ্গে লড়ছেন জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের তোতা পাড়া বনবস্তির প্রায় ৫০ টি পরিবার।

যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। গ্রামের মাঝখান দিয়ে বেয়ে গেছে মেঠো পথ। সেখানকার মানুষেরা শহরের যান্ত্রিকতা থেকে অনেকটাই দূরে। চারিদিক চা বাগানে ভর্তি। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। কিন্তু, এই সবুজ প্রকৃতির মাঝেই একরাশ প্রতিকুলতা যেন নিত্যদিনই সঙ্গী তাঁদের। এলাকায় জলের কল রয়েছে, কিন্তু পানীয় জল মেলে না তাতে। গ্রামে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৫ টি কুয়োই এখন পানীয় জলের একমাত্র মাধ্যম। এই কুয়োতেই বাসন মাজা, কাপড় কাঁচা, স্নান, খাওয়া – সবই এই জলেই। কিন্তু, অভিযোগ সেই কুয়োর জলও ঘোলাটে, নোংরা। এমনকী, আর্সেনিক যুক্ত জীবাণুতে ভরা সেই জল। নিত্যদিন ভোগান্তিতে জলপাইগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের তোতা পাড়া বনবস্তির প্রায় ৫০ টি পরিবার।

 

শুধুই যে বিশুদ্ধ পানীয় জলের অভাব, তাই নয়। গ্রামে দুর্বল যাতায়াত ব্যবস্থা। নেই শৌচাগার। গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার সংস্থাকে পরিবার প্রতি ৯০০ টাকা দিয়েও পায়নি পরিপূর্ণ শৌচালয়। ভোট আসে ভোট যায়, কিন্তু স্থানীয়দের অভিযোগ, জীবনযাত্রার কোনও উন্নতি হয়না তাঁদের। পানীয় জলের ব্যবস্থা করেনি সরকার, স্বীকার করে নিয়েছেন শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত প্রধান। সাধারণ মানুষের এই সমস্যার কথা প্রকাশ্যে আসতেই শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানাল বিজেপি।

About Post Author