Home » বঙ্গবিভূষণ’ নিচ্ছেন না অমর্ত্য সেন

বঙ্গবিভূষণ’ নিচ্ছেন না অমর্ত্য সেন

সময় কলকাতা ডেস্কঃ সোমবার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান অনুষ্ঠান রয়েছে। রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান তুলে দেওয়ার কথা রয়েছে বিশিষ্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক বসুর হাতে। সূত্রের খবর, রাজ্য সরকারের বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। তবে কী কারণ বঙ্গবিভূষণ তিনি নিচ্ছেন না, তা অবশ্য স্পষ্ট করা হয়নি।


সোমবার রাজ্য সরকারের তরফে বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হবে আরও এক নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্য়ায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় শনিবারই গ্রেফতার করা হয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তারপরেই রাজ্যের দেওয়া বঙ্গ সম্মান বয়কট করার জন্য আবেদন করেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী আবেদনের পরেই কী রাজ্যের দেওয়া বঙ্গবিভূষণ সম্মান নিতে আপত্তি নোবেল জয়ী অর্মত্য সেনের? তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। শনিবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী একটি চিঠিতে অর্মত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক বসু, দেবশঙ্কর হালদারদের কাছে রাজ্য সরকারের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাখ্যানের আর্জি জানিয়েছিলেন। যদিও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই সম্মান গ্রহণে কোনও আপত্তি জানাননি। তিনিও এই মুহূর্তে বিদেশে রয়েছেন। জানা গিয়েছে,সশরীরে উপস্থিত না থেকেও ভার্চুয়াল মাধ্যমে এই সম্মান গ্রহণের ব্যবস্থা রয়েছে। তবে ঠিক কী কারণে অর্মত্য সেন এই সম্মান গ্রহণ করবেন না তা এখনও স্পষ্ট নয়।


প্রসঙ্গত, সোমবার বিকেলে কলকাতার নজরুল মঞ্চে বিভিন্নক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের হাতে ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ পুরস্কার তুলে দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ছাড়াও এই তালিকায় রয়েছেন কৌশিক বসু এবং অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে দেব, ঋতুপর্ণা,তবলা বাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়, শরদ বাদক দেবজ্যোতি বসু, গায়িকা কৌশিকী চক্রবর্তী, শ্রেয়া ঘোষাল। পাশাপাশি এদিন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে এবং ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হবে কলকাতার তিনটি বড় ফুটবল ক্লাব – মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবকে।।

About Post Author