সময় কলকাতা ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তের মধ্যেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার বেলা ১২ টায় সবরকম নথি নিয়ে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর মানিক ভট্টাচার্যকে ইডির তলব বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ মেনে চলতি মাসেই স্কুলশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় নিজের ও পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জমা দিয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তারপরেও অবশ্য স্বস্তি মেলেনি। কেননা মঙ্গলবার ইডি-র তরফে দাবি করা হয়েছে, এসএসসি-র পর এবার টেট দুর্নীতিতেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়াতে পারে বলে তাদের সিজার লিস্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে তল্লাশি অভিযান চালিয়ে ইতিমধ্যেই ২০১২ সালে টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি পাওয়া গিয়েছে। পার্থর বাড়ির ‘সিজার লিস্টে’র ১৫ নম্বরে এ কথা উল্লেখ করেছে ইডি। সেই সঙ্গে পাওয়া গিয়েছে এসএসসি-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথিও।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার রাজ্যের ১৩ টি জায়গায় চিরুনি তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন সকাল থেকেই রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার করে ইডি।


More Stories
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ
পুলিশ- আন্দোলনকারী সংঘর্ষ, ছাত্র আন্দোলনের জেরে অবরুদ্ধ মধ্য-কলকাতা