সময় কলকাতা ডেস্কঃ রাজ্যজুড়ে যেন দুর্নীতির পর্দাফাঁসের মরসুম চলছে। পরিষদীয় মন্ত্রী যেখানে ইডির হেফাজতে হাঁসফাঁস করছেন, সেখানেই মাদ্রাসায় লক্ষাধিক টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগে তোলপাড় মালদহের হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা।

ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মাদ্রাসায় নিয়োগ ৬ জন শিক্ষক। কাটমানি নিয়ে বিবাহিত মহিলাদেরও কন্যাশ্রী পাইয়ে দেওয়া হচ্ছে। মিড ডে মিলেও মেলেনি ছাড়। মালদহের হরিশ্চন্দ্রপুরের মিলনগড় সাজ্জাদিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই একাধিক চরম দুর্নীতির ছবি প্রকাশ্যেই আসতে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। মঙ্গলবার গ্রামের কয়েক হাজার বাসিন্দা মাদ্রাসা ঘেরাও করে কার্যত বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভে সামিল ছিলেন হরিশ্চন্দ্রপুর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মনিরুল আলমও।

স্থানীয়দের দাবি, এলাকায় অন্তত ২০ জনের কাছ থেকে ৮ থেকে ১০ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে। তাঁরা মাদ্রাসায় কাজ করেছেন এমনটা দেখিয়ে নাকি আদালতে মামলা করে। সেই নির্দেশকেই ঘুরপথে হাতিয়ার করে একটি কমিটি তাঁদের নিয়োগ করেছে বলে অভিযোগ। বিক্ষোভকারীদের আরও দাবি, শেষ ছয় বছর ধরে যেখানে নির্বাচন হয়নি, সেখানে ওই কমিটি বৈধ হয় কিভাবে! কমিটির সম্পাদক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককেই এই দুর্নীতির মূল কাণ্ডারি হিসেবে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে কয়েকঘণ্টা বাদে পরিস্থিতি স্বাভাবিক হলেও ইতিমধ্যেই উত্তপ্ত স্থানীয় রাজনৈতিক পরিবেশ। যদিও আদালতে মামলা দায়ের হোক, কিংবা টাকা নিয়ে নিয়োগের অভিযোগ – সবটাই ভুয়ো, ভিত্তিহীন দাবি। মন্তব্য মাদ্রাসা কমিটির সম্পাদক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের।
শিক্ষক নিয়োগ নিয়ে ডামাডোল চলছে গোটা রাজ্যে। জেলাস্তরেও টাকা নিয়ে সমাজ গড়ার কারিগরদের নামে কাদের নিয়োগ করা হচ্ছে? প্রশ্ন তুললেই মুখে নয় কুলুপ আঁটছেন অভিযুক্তরা, নাহলে অন্যের ঘাড়ে দায় চাপানোর খেলা চলছে। এতে যারা যোগ্য চাকরিপ্রার্থী, তাঁদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে আরও এগিয়ে চলছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী