Home » অর্পিতার আবাসনে যেতেন সৌগত রায়ও: দিলীপ

অর্পিতার আবাসনে যেতেন সৌগত রায়ও: দিলীপ

সময় কলকাতা ডেস্কঃ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় নগদ ২৮ কোটি টাকা। মিলেছে প্রায় ৫ কোটিরও বেশি সোনা এবং রুপোর গয়না। এবার সেই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, এই আবাসনে তৃণমূল সাংসদ সৌগত রায়ও যেতেন। তাঁর অফিস ছিল সেখানে। দিলীপ ঘোষের এই অভিযোগের পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।

বুধবার সকালেই অর্পিতার বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। সেখানেও দুটি ফ্ল্যাট আছে অর্পিতার। একটি ব্লক টু এবং অন্যটি ব্লক ফাইভে। জানা গিয়েছে, ব্লক ফাইভে অর্পিতার যে ফ্ল্যাট আছে, সেখানেই তালা ভেঙে তল্লাশি চালান ইডির আধিকারিকরা। এরপরই কোটি কোটি টাকার হদিশ মেলে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় ২৮ কোটির টাকা সহ ৫ কোটিরও বেশি মুল্যের সোনাও উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে কিছু জমির দলিল ও গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে অনুমান ইডি আধিকারিকদের।

বুধবার অর্পিতার বেলঘরিয়ার ওই ফ্লাটে ঢোকার কয়েক ঘন্টা পর থেকেই ইডির আধিকারিকদের তৎপরতা বাড়তে থাকে। সিজিও কমপ্লেক্স থেকে অতিরিক্ত বাহিনীদেরও ডেকে পাঠানো হয় এদিন। পাশাপাশি এদিন বিকেল পাঁচটা নাগাদ তিনটি গাড়ি করে রথতলার ওই ফ্ল্যাটে গিয়ে পৌঁছন ইডি আধিকারিক সহ অতিরিক্ত জওয়ানরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা ফ্ল্যাট। অন্যদিকে অর্পিতার বালিগঞ্জের আবাসনেও টানা ৯ ঘন্টা তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকরা।

About Post Author