Home » বারুইপুরের সোহিনী-তে চুরি! পার্থর অর্থে লোভ চোরদেরও?

বারুইপুরের সোহিনী-তে চুরি! পার্থর অর্থে লোভ চোরদেরও?

সময় কলকাতা ডেস্কঃ  এ যে চোরের উপর বাটপারির গল্প। একদিকে বান্ডিলের পর বান্ডিল টাকা গুনে হয়রান ইডির আধিকারিকরা, অন্যদিকে তস্করের নজরে পার্থর বাগানবাড়ির ঠিকানা। সংবাদমাধ্যমে লাগাতার সেই সব বাড়ির ঠিকানা আগেই প্রকাশিত হয়েছে। সেই সবের সুযোগ নিয়ে চোরেরা হানা দিয়েছিল বারুইপুরের একটি বাগানবাড়িতে, যে বাড়ির সামনে লেখা পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ের নাম ‘সোহিনী’।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ১টা নাগাদ চারজনের একটি দল তালা ভেঙে এই বাড়িতে প্রবেশ করে। তারা এরপর বাড়ি থেকে বেশ কিছু সামগ্রী বের করে নিয়ে চলে যায়। স্থানীয়রা নাকি বাধা দিতে গেলে পাল্টা ধমক খেয়েছেন, এমনটাও অভিযোগ উঠেছে।

বারুইপুর থানার বেগমপুরে অবস্থিত এই বাগান বাড়িটিকে ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য। ওয়াকিবহাল মহলের মত, ওই বাড়িতেও হয়ত যকের ধন রয়েছে। সেই ধনরাশি থরে থরে সাজানো টাকাও হতে পারে, আবার গুরুত্বপূর্ণ নথিও হতে পারে। এবার এই প্রশ্নটা থেকেই যাচ্ছে তাহলে কি সেই সমস্ত নথি, টাকাই সরিয়ে নিয়ে যাওয়া হল? নাকি ক্রমাগত খবর প্রকাশের জেরে চোরেদের দল কিছু পাওয়ার আশায় ওই বাড়িতে হানা দিয়েছিল? কারণ যেভাবে মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ে একের পর এক বাড়িতে মিনি ব্যাঙ্কের ছবি প্রকাশ্যে আসছে, তাতে চোরেদের মনে হয়ত লোভ জেগেছে।

সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই সেই লোভের কথা একটু হলেও হয়ত স্পষ্ট। থরে থরে সাজানো টাকার ছবি দেখে অনেকেই ফেসবুক, টুইটারে দু কলম লিখেই ফেলেছেন, এই টাকার একটা বান্ডিল পেলেও পুজোটা উতরে যেত। রাজ্যের একজন পরিষদীয় মন্ত্রী ঘনিষ্ঠ ললনার বাড়িতে যদি মিনি ব্যাঙ্ক তৈরি হয় নিয়োগ দুর্নীতিতে নয়ছয় করে, তাহলে সাধারণের এমন ভাবনায় দোষ কি!

About Post Author