সময় কলকাতা ডেস্কঃ আপনার নিজের বাড়ির চৌবাচ্চায় যদি দুটো বিষধর সাপকে ঢুকতে দেখেন তাহলে আপনি কি করবেন? অবশ্যই আতঙ্কিত হবেন। আর তারপর যদি দেখেন ওই দুই বিষধর সাপ বাড়ির চৌবাচ্চাতে ডিম পাড়ছে। তাহলে? এমনই ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের কুলাইপদা গ্রামে।
বাড়ির পিছনে চৌবাচ্চা। সেই চৌবাচ্চায় হঠাৎ পরিবারেই এক সদস্য দেখতে পান দুটি সাপ চৌবাচ্চায় ঢুকছে। সাপ দুটি লম্বায় খুব একটা ছোট নয়, বলা যায় বেশ বড়ই, প্রায় ৬ থেকে ৭ ফুট এবং দুটোই বিষধর সাপ। ওই দুটি সাপ দেখামাত্রই পরিবারের সকল সদস্য মিলে শুরু করে চিল চিৎকার। চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা এসে উপস্থিত হয়। সবাই মিলে উঁকি মেরে দেখে, দুটি সাপ ওই চৌবাচ্চাতেই ডিম পাড়ছে। চোখের সামনে দুটি সাপের ডিম পাড়া দেখে হতবাক পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের সাবাজপুর গ্রাম পঞ্চায়েতের কুলাইপদা গ্রামে। বৃহস্পতিবার সারারাত চৌবাচ্চায় দুই সাপের ডিম পাড়া দেখতে ভিড় জমিয়েছিলেন আশেপাশের গ্রামের বাসিন্দারাও। শুক্রবার সকালে খবর দেওয়া হয় বনদপ্তরে। তার আগে অবশ্য দুটি সাপ যাতে ওই চৌবাচ্চার থেকে বেরিয়ে না যেতে পারে, তার জন্য চৌবাচ্চার উপর নেট দিয়ে ঘিরে দেয় এলাকার বাসিন্দারা। সকাল বেলায় বন দপ্তরের কর্মীরা এসে দুটি সাপ এবং ১৮ টি ডিম উদ্ধার করে নিয়ে যায়। দুটি সাপ আপাতত সুস্থ রয়েছে তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী