Home » রাতভর কাশ্মীরে জঙ্গি ও সেনার গুলির লড়াই

রাতভর কাশ্মীরে জঙ্গি ও সেনার গুলির লড়াই

সময় কলকাতা ডেস্কঃ ভূস্বর্গের বাতাসে আবার বারুদের গন্ধ। শুক্রবার রাত থেকে চলছে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই। শনিবার সকালেও জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াই অব্যাহত। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ক্রিরি এলাকার ওয়ানিগাম বালায় শুক্রবার জঙ্গি লুকিয়ে থাকার খবর পায় সেনাবাহিনী। শুক্রবার রাতেই পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলে ওই বাড়িটি।

সেনাবাহিনী সূত্রের খবর, প্রায় চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে ওই বাড়িতে। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হওয়া মাত্রই বাড়ির ভিতর থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। শনিবার সকালেও ক্রমাগত গুলির শব্দ ভেসে আসতে থাকে ক্রিরি এলাকা থেকে। সুত্রের খবর গুলির লড়াইতে ১ জঙ্গির মৃত্যু হয়েছে ১ পুলিশ কর্মী আহত। জঙ্গিরা ওই বাড়ির ভিতর থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর আরো ইউনিটকে ঘটনাস্থলে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author