সময় কলকাতা ডেস্কঃ ফের সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে যাওয়া হলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতা বলেন, ‘ওই টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে ফ্ল্যাটে এত টাকা ঢোকানো হয়েছিল।‘ তাঁর এই বিস্ফোরক দাবির পরই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এর আগেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্পিতা দাবি করেছেন এই টাকা তাঁর নয়। এমনকী ফ্ল্যাটের যে ঘর থেকে ওই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেখানে তিনি প্রবেশও করতেন না। এবারও ফের অর্পিতা দাবি করেছেন, এই টাকা তাঁর নয়। তাঁর অজান্তে অন্য কেউ ফ্ল্যাটে টাকা রেখেছেন। অর্পিতার এই বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। তবে কার দিকে আঙুল তুলছেন অর্পিতা?কীভাবে এল এত টাকা? কীসের টাকা? সেসব নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। যদিও এদিন জোকা ইএসআই হাসপাতালে প্রবেশের আগে পার্থ চট্টোপাধ্যায় মুখে কুলুপ এঁটেছিলেন।
তিনি অবশ্য এর আগে সংবাদমাধ্যমে বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, সময় আসলে সব জানতে পারা যাবে।’ তবে কে বা কারা ষড়যন্ত্র করছে? সেই বিষয়েই প্রশ্ন তুলে সরব হয়েছেন বিরোধীরা। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় তদন্তে কোনোরকম সহযোগিতা করছেন না বলেই দাবি তদন্তকারীদের।

ইতিমধ্যেই অর্পিতার এই বিস্ফোরক মন্তব্যে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ‘পার্থদা এখন যে কথাগুলো বলছেন সেগুলো আগেই বলতে পারতেন। এখন আর কিছু করার নেই। যা হওয়ার,তা হয়ে গিয়েছে। তবে যাঁর বাড়ি থেকে এত টাকা পাওয়া গিয়েছে, তিনিই যদি বলেন জানেন না তাহলে এ বিষয়ে আর কিছু বলার নেই।‘


More Stories
সমস্ত পুরসভার সব ধরনের পেমেন্ট স্থগিত
অভিযুক্তদের পুলিশি হেফাজত :শুভেন্দুর পিএ চন্দ্রনাথ খু*নে কারা গ্রেফতার, কোথায় গ্রেফতার? যোগসূত্র কী?
বন্ধ হচ্ছে না কোনও চালু প্রকল্প, আর কী জানালেন শুভেন্দু