Home » ১৪ দিনের জেল হেফাজত ‘অপা’-র

১৪ দিনের জেল হেফাজত ‘অপা’-র

সময় কলকাতা ডেস্কঃ ফের ১৪ দিনের জেল হেফাজত তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের। মামলার শুনানির শুরুতেই পার্থর জামিনের জন্য তাঁর আইনজীবীরা আবেদন জানান। জামিনের শর্ত হিসাবে প্রভাবশালী তকমা মুছতে প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায় তাঁর বিধায়ক পদ ছাড়তেও রাজি আছেন,এমনটাই আদালতে জানান তাঁর আইনজীবীরা।

জানা গিয়েছে, শুক্রবার জামিনের ক্ষেত্রে প্রভাবশালী তত্ত্ব এড়াতে তাঁদের সেই চেষ্টাও কার্যত বিফলে যায়। এদিন ইডির পক্ষে রায় দিয়ে ব্যাঙ্কশাল আদালত জানায়, পার্থ এবং অর্পিতাকে আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে। অন্যদিকে এদিন অর্পিতাকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুর মহিলা সংশোধনাগারে। অপরদিকে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে বলেন,’তাঁর মক্কেল প্রভাবশালী কেউ নন। তিনি সাধারণ মানুষ। প্রয়োজনে তিনি বিধায়ক পদ ছাড়তে রাজি। পালানোর লোক তিনি নন।’

অন্যদিকে অর্পিতা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেই তাঁর আইনজীবী আদালতে জানান। অর্পিতাকে খাবার ও জল দেওয়ার আগে যাতে তা পরীক্ষা করে দেখা হয়, সেই আর্জিও জানানো হয় ব্যাঙ্কশাল আদালতে।

সূত্রের খবর, আদালতে পেশের আগে শুক্রবার বেলা ১২ টা নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। তবে এদিন হাসপাতালে প্রবেশের সময় দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন। কেউই কোনও মন্তব্য করেননি। শারীরিক পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বের হন তাঁরা।

About Post Author