সময় কলকাতা ডেস্কঃ ফের বারুদের গন্ধে মিশে গেল রক্ত। লাল রঙে ভাসল আফগানিস্তানের মাটি। দিনের ব্যস্ততম সময়ে বাজারের মধ্যেই আচমকা ফাটল বোমা। বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের ত্রাস ছড়াল জঙ্গিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিম জেলার এক শহরে। সেখানকার ব্যস্ততম বাজারে আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে যায়। ওই বিস্ফোরণের জেরে শেষ পাওয়া খবর অনুযায়ী মোট ২২ জন আহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৮ জন সাধারণ মানুষের।
অন্যদিকে এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের মদতপুষ্ট একটি জঙ্গি সংগঠন। টেলিগ্রামে সেই হামলার দায় স্বীকার করার পর তারা জানিয়েছে, পশ্চিম কাবুলে হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালিবান নিরাপত্তা কর্মকর্তা সূত্রে খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি সবজির গাড়িতে বিপুল পরিমাণে বিস্ফোরক রাখা হয়েছিল। সেই গাড়ি থেকে বিস্ফোরণের জেরেই নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন, একটি তদন্তকারী দলের আধিকারিকরা ঘটনাস্থল থেকে জখম ব্যক্তিদের উদ্ধার করেন। জানা গিয়েছে, শিয়া মুসলিম সম্প্রদায়ের অনুষ্ঠান আশুরা অনুষ্ঠিত হওয়ার আগেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রসঙ্গত এর আগেও তালিবান রাজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যত্রতত্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চলতি বছরের ১১ জুন কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছিলেন ৩৫ জন নাগরিক। পাশাপাশি জুম্মাবারের নমাজ চলার মাঝেই ভয়াবহ বিস্ফোরণে ছারখার হয়েছিল উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের সুন্নি মসজিদ। মৃত্যু হয়েছিল ৩৩ জনের।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত