সময় কলকাতা ডেস্কঃ দলের নির্দেশকে উপেক্ষা করে কেন উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন জানতে পূর্ব মেদিনীপুর জেলার দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

দীর্ঘ দিন ধরেই তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলেছেন শিশির এবং দিব্যেন্দু অধিকারী। নীতিগতভাবে শিশির এবং দিব্যেন্দু অধিকারী দুজনেই এখনো রয়েছেন তৃণমূলে। তা সত্ত্বেও তাদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে বিজেপি ঘনিষ্ঠতার। শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন করেছিল তৃণমূল। যদিও তা কার্যকর হয়নি। দলের সঙ্গে দূরত্ব থাকলেও গত ৪ আগস্ট উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার জন্য দুই সাংসদকে চিঠি দিয়েছিল তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে তৃণমূল কংগ্রেস বিরত থাকলেও শিশির এবং দিব্যেন্দু অধিকারী সরাসরি চলে যান দিল্লিতে। উপরাষ্ট্রপতি নির্বাচনে দলীয় হুইপ জারি করা যায় না। সে ক্ষেত্রে সূত্রের খবর উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন শিশির ও দিব্যেন্দু অধিকারী। যদিও কাঁথি এবং তমলুকের তৃণমূল সাংসদ শিশির ও দিব্যেন্দু অধিকারী ভোট দেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন। এর আগেও রাষ্ট্রপতি নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নির্দেশ ছিল সমস্ত সাংসদকে কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে ভোট দেওয়ার। কিন্তু সেই সময়ও শিশির এবং দিব্যেন্দু অধিকারী সরাসরি দিল্লিতে চলে গিয়েছিলেন ভোট দিতে। এবারেও উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে পিতা -পুত্র সংসদের দিল্লি গমন প্রশ্ন তুলেছিল। তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েও দলীয় নির্দেশ অমান্য করার কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি।

সেক্ষেত্রে পিতা -পুত্র সংসদ দলীয় চিঠি প্রাপ্তির পর কি উত্তর দেন সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি