সময় কলকাতা ডেস্কঃ অনুব্রত মন্ডলকে হাসপাতালে ভর্তির করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। সোমবার এমনটাই জানিয়ে দিলেন এসএসকেএম কর্তৃপক্ষ। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের চেক আপের পরে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানান, তাঁর আর হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। এদিন চিকিৎসক সরোজ মন্ডল জানান, বীরভূম জেলা সভাপতির ক্রনিক প্রবলেম থাকলেও তাঁকে ভর্তি করার প্রয়োজন নেই। সব রিপোর্ট দেওয়া আছে বলেও জানান ওই চিকিৎসক। তবে তৃণমূল নেতার স্ট্রেস নেই বলেও জানান তিনি।
সেক্ষেত্রে অনুব্রত কি সিবিআই তলবে হাজিরা দেবেন? তা নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি অনুব্রত মন্ডলের ওপর সিবিআই-এর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

সোমবার বেলা ১১টার পর চিনার পার্কের ফ্ল্যাট থেকে বের হন অনুব্রত। এরপর তাঁর কনভয় সোজা ঢুকে যায় এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে,আগে থেকেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। তাঁর জন্য প্রস্তুত রাখা হয়েছিল উডবার্ন ওয়ার্ডের ২১৬ নম্বর ঘরটি। হাসপাতালের জেনারেল সার্জন দীপ্তেন্দ্র সরকার, কার্ডিওলজিস্ট সরোজ মন্ডল, মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুন্ডুর নেতৃত্বে প্রস্তুত ছিল মেডিক্যাল বোর্ড। এদিন মোট সাতজন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড অনুব্রতর পরীক্ষা-নিরীক্ষা করেন।

প্রসঙ্গত,শারীরিক চিকিৎসার জন্য সোমবার এসএসকেএমে পৌঁছন বীরভূমের জেলা সভাপতি। এদিনই,গরুপাচার মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল বীরভূমের দৌর্দ্বন্দ্বপ্রতাপ নেতার। কিন্তু সূত্রের খবর, রবিবারই ই-মেইল মারফত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে, আরও কিছুটা সময় চেয়ে নিলেন অনুব্রতর আইনজীবী। তবে রবিবার কলকাতা চিনারপার্কের বাড়িতে আসেন অনুব্রত মণ্ডল।
জানা গিয়েছে,অনুব্রত মণ্ডলের ফিসচুলা ধরা পড়েছে। এছাড়াও তাঁর মাথার পিছনে, ঘাড়ে ব্যথা রয়েছে। পাশাপাশি তাঁর কাশিও রয়েছে। সব মিলিয়ে একটি মেডিক্যাল চেক আপের প্রয়োজন রয়েছে অনুব্রত মণ্ডলের। সেকারণেই সোমবার শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে পৌঁছন তিনি।বিরোধীদের অভিযোগ ছিল অনুব্রত মন্ডলের ” রাজার অসুখ” হয়েছে ।শারীরিক পরীক্ষা হল- বিরোধীদের অভিযোগ যেন প্রাণ পেল ।অতঃপর দেখার, অনুব্রত মন্ডলের পরবর্তী পদক্ষেপ কী হয়?


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর