সময় কলকাতা ডেস্কঃ ফের আইনি বিপাকে রণবীর সিং। নগ্ন ফটোশুট নিয়ে আগেই অভিনেতার বিরুদ্ধে চেম্বুর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়েছিল। এবার রণবীরের নগ্ন ফটোশ্যুট বিতর্কের আঁচ পৌঁছল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে রণবীরের নামে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। আগামী ৮ আগস্ট এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

রণবীর সিং-এর ফটোশ্যুট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন সংখ্যালঘু মহিলা সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। রণবীরের নগ্ন ছবি যাতে এরাজ্যে বেশি না ছড়ায় সেজন্যই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন নাজিয়া। তাঁর কথায়, রণবীরের এই ছবি শিশুদের মনে খারাপ প্রভাব ফেলতে পারে। যদিও রণবীরের নগ্ন ফটোশুট সম্পর্কে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও প্রতিক্রিয়া দিয়েছিলেন। টুইটে তিনি প্রশ্ন তুলেছিলেন, রণবীর যদি মহিলা হতেন তাহলেও এত প্রশংসা আসত তো? তবে নগ্ন ফটোশুট বিতর্কে রণবীরের পাশে দাঁড়িয়েছেন অর্জুন কাপুর, রাখি সাওয়ান্ত, আলিয়া ভাট, এবং পরিচালক রামগোপাল বর্মা।

উল্লেখ্য, সম্প্রতি পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করেছিলেন রণবীর সিং। সেই ফটোশুট সামনেই আসতেই বিতর্কের ঝড় বয়ে যায়। গায়ে এক ইঞ্চি সুতো না রেখে ফটোশুট করেছিলেন রণবীর। সে সব ছবিই নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ছবিতে দেখা গিয়েছিল কখনও তিনি শুয়ে আছেন,আবার কখনও তিনি বসে রয়েছেন। তবে ছবিতে মডেলিংয়ের কায়দায় নিজের গোপনাঙ্গ আড়াল করেছিলেন অভিনেতা। মার্কিন পপ কালচারের আইকনের কায়দায় পোজ দিতে দেখা গিয়েছিল রণবীরকে।

আন্তর্জাতিক ওই পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর সিং বলেছিলেন,‘শারীরিকভাবে নগ্ন হওয়া অনেক সোজা। তবে আমার কিছু পারফরম্যান্সের মধ্যে দিয়েও আমি নগ্ন হয়েছি। এতটাই নগ্ন হয়েছি যে আমার আত্মা পর্যন্ত দেখা গিয়েছে। নিজের পারফরম্যান্সের খাতিরে আমি হাজার হাজার ভক্তদের সামনে নগ্ন হতে রাজি আছি। আমার তাতে কিছু যায় আসে না। তবে যারা আমায় দেখছে,তাদের খারাপ লাগছে কিনা সেটাও ভাবা জরুরি।’ এর আগেও ২০১৭ সালের মে মাসে একটি বাথটবের মধ্যে নগ্ন অবস্থায় শুয়ে থাকতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর গায়ে সুতো পর্যন্ত ছিল না। সেসময় নেটিজেনদের একাংশ অভিনেতাকে নিয়ে ট্রোলও করেছিলেন।।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০