Home » চাকরিপ্রার্থীরা আশাবাদী, খটকা ব্রাত্য-বচনে

চাকরিপ্রার্থীরা আশাবাদী, খটকা ব্রাত্য-বচনে

চুমকী সূত্রধর, সময় কলকাতা : সোমবার বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক ইতিবাচক বলেই জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। তবে, শিক্ষামন্ত্রীর বক্তব্যে রয়ে গেল কিছু প্রশ্ন!

কবে মিলবে চাকরি?এসএসসি আন্দোলনকারীদের দাবি মেটাতে সোমবার বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।আন্দোলনকারীদের তরফে ৮ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন সেই বৈঠকে। বৈঠক শেষে কিছুটা স্বস্তি নজরে আসল আন্দোলনকারীদের চোখে মুখে। কমবেশি ৬ হাজার পদে নিয়োগের আশায় বুক বেঁধেছেন তাঁরা। তারা জানান, বৈঠক ইতিবাচক। বৈঠকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। তবে, যতদিন পর্যন্ত নিয়োগপত্র হাতে না পাচ্ছেন, শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

একদিকে যখন এসএসসি চাকরিপ্রার্থীরা নিয়োগের আশায় বুক বাঁধছেন, ঠিক তখনই কী বলছেন শিক্ষামন্ত্রী, কবে মিলবে চাকরির নিয়োগপত্র? বৈঠক শেষে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, সবাইকে নিয়োগ করতে হলে নতুন পদ তৈরি করতে হবে। শূন্যপদের বিষয়টি এসএসসিকে জানাতে বলা হয়েছে। তিনি জানান, শূন্যপদ তৈরি করতে হলে বেশ কয়েকটি দফতরের অনুমতি লাগে।

উল্লেখ্য, ২০১৬ সালের নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও যারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের নামের তালিকা তৈরি করা এসএসসির জন্যে খানিকটা সময় সাপেক্ষ ব্যাপার। তারপর তা বিভিন্ন দফতর ঘুরে আসতে সময় লেগে যাবে বেশ খানিকটা। তারপর আসবে নিয়োগপত্র। স্বাভাবিকভাবেই প্রশ উঠছে, এই আশ্বাস কি দ্রুত ফলপ্রসূ হতে পারবে? যদিও শিক্ষামন্ত্রী দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার আশ্বাস দিয়েছে।

প্রাসঙ্গিক যে,চাকরির দাবিতে প্রায় ৫১২ দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬-র এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা। দাবি, দ্রুত ন্যায্য চাকরি ফিরে পাক তারা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর দ্রুত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন, দ্রুত হবে নিয়োগ।

About Post Author