সময় কলকাতা ডেস্কঃ গোটা বিশ্বের কাছে এক ভয়াবহ দিন ৬ ও ৯ আগস্ট। ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা নিক্ষেপ করে এবং এর তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। যার ফল এখনো ভোগ করছে সেখানকার মানুষরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বিমানবাহিনীর একজন অন্যতম পাইলট ছিলেন লিওনার্ড চেশায়ার। বিশ্বযুদ্ধ চলাকালীন চেশায়ারের নেতৃত্বে প্রতিপক্ষকে ধূলিস্যাৎ করার দায়িত্ব ছিল তারই উপর। পাইলট হিসাবে চেশায়ার যে সম্মানগুলি পেয়েছিলেন তার মধ্যে ছিল ভিক্টোরিয়া ক্রস, শত্রুর মুখোমুখি বীরত্বের জন্য সর্বোচ্চ পুরস্কার যা ব্রিটিশ এবং কমনওয়েলথ বাহিনীকে দেওয়া যেতে পারে। কিন্তু যুদ্ধ পরবর্তী সময় চেশায়ার বুঝতে পারেন হিরোশিমা ও নাগাসাকিতে কি ভয়াবহ ঘটনা ঘটেছে। এমনকী তিনি বুঝতে পারেন পরমাণু বোমা নিক্ষেপের ফলে সেই অঞ্চলের আগামী দীর্ঘ প্রজন্ম শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধকতা নিয়েই জন্মাবে। তাই তিনি তার জীবনের সমস্ত অর্থ দিয়ে একটি ট্রাস্টবোর্ড তৈরি করেন। যেখানে সারা বিশ্বব্যাপী বিশেষভাবে সক্ষম মানুষদের দেখভাল করা হয়। যা চেশায়ার হোম নামে পরিচিত। যেখানে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ মানুষদের সেবা করা হয়। ভারতবর্ষ জুড়ে এইরকম হোমের সংখ্যা বেশ কয়েকটি রয়েছে। তার মধ্যে একটি হোম রয়েছে হুগলির শ্রীরামপুরে।

জানা গিয়েছে, শ্রীরামপুরের চেশায়ার হোমে আবাসিকের সংখ্যা মোট ৪০ জন। গোটা দেশের বিভিন্ন প্রান্তের শারীরিক এবং মানসিকভাবে অক্ষম মানুষদেরকে এই হোমে রাখা হয়। তাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে ওষুধ, জামা-কাপড়,থাকার জায়গা সবকিছুরই ব্যবস্থা করা হয় এই হোমের তরফে।

বর্তমানে এই হোমের কর্মরত এক আধিকারিক কার্তিক রায় জানান, তিনি দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে এই হোমে কাজ করেন। বহু বছর ধরে এই মানুষগুলির সঙ্গে থেকে কাজ করতে করতে তারাও পরিবারের একটি অংশ হয়ে উঠেছে। পুজোর সময় সবাইকে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে ছুটির দিনে একসঙ্গে সবাইকে নিয়ে মজা করা, এইসব কাজ তিনি আনন্দের সঙ্গে করে থাকেন। কার্তিকবাবু আরও বলেন, এখানে প্রতিটি আবাসিকের সঙ্গে তার এমন সম্পর্ক যে, তাদেরকে ছাড়া তার দিন চলে না। খুবই আন্তরিকতার সঙ্গে তিনি এত বছর ধরে তাদের সেবা করে এসেছেন। আগামীদিনেও তিনি এই মহৎ কাজ চালিয়ে যাবেন বলেই জানান।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী