Home » উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ জগদীপ ধনখড়ের

উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথ জগদীপ ধনখড়ের

সময় কলকাতা ডেস্কঃ দেশের ১৪তম উপ-রাষ্ট্রপতি হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের প্রার্থী তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন জগদীপ ধনখড়কে শপথবাক্য পাঠ করান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীদেরও শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে।

গত ৬ অগাস্ট বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জগদীপ ধনখড়। অন্যদিকে, এদিন জগদীপ ধনখড়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তৃণমূলের কোনও সাংসদ উপস্থিত ছিলেন না। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল।
লোকসভা-রাজ্যসভা মিলিয়ে মোট ৭৮০ জন সাংসদের ভোট দেওয়ার কথা ছিল। এর মধ্যে লোকসভার ৫৪৩ জন ও রাজ্যসভার ২৪৫ জন ভোটদাতা সাংসদ-এ ছিলেন। রাজ্যসভায় আটটি আসন শূন্য থাকার কারণে সেই সংখ্যাগুলি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

শুধুমাত্র উপরাষ্ট্রপতিই নয়, জগদীপ ধনখড় বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যানও। জানা গিয়েছে,জগদীপ ধনখড় আজীবন বিনামূল্যে মেডিক্যাল পরিষেবা পাবেন। বিনামূল্যে ট্রেন এবং বিমানে ভ্রমণ করতেও পারবেন তিনি। একটি বিনামূল্যের ল্যান্ডলাইন পরিষেবা পাবেন জগদীপ ধনখড়। এছাড়াও মোবাইল ফোনের খরচও পাবেন ধনখড়। তাঁর জন্য মোতায়েন করা হবে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।

About Post Author