Home » গ্রেফতার অনুব্রত

গ্রেফতার অনুব্রত

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার সকালে বোলপুরের ছবিটা একেবারে বদলে গেল। হঠাৎ করেই সেখানে পৌঁছে সিবিআই এর একটি বড় দল বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা দেয়। আর এই বোলপুরকে ঘিরে এই মঙ্গলবার থেকে উত্তাল রাজ্য রাজনীতি। কারণ তৃণমূলের জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের সিবিআই দফতরে হাজিরা না দেওয়া তার অসুস্থতার কারণে এসএসকেএম এর চিকিৎসক থেকে শুরু করে বোলপুরের মহকুমা হাসপাতালে চিকিৎসক পর্যন্ত যে ডামাডোল রচিত হয়েছিল সেই রচনার পরিসমাপ্তি ঘটাল সিবিআই। একেবারে টানটান উত্তেজনা পর্ব শেষে গ্রেফতার করা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মোট পাঁচটি গাড়িতে করে সিবিআই আধিকারিকরা বুধবার রাতেই বোলপুর পৌঁছায়। এর মধ্যে তিনটি গাড়ি কলকাতা থেকে এবং দুটি গাড়ি আসানসোলের সিবিআই দফতর থেকে এসেছিল বলেও জানা গিয়েছে। পাশাপাশি সিবিআই যে গেস্ট হাউসে গিয়ে উঠেছে বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি সেখানে উপস্থিত একজন ব্যাংক কর্মীও।

আগাম জামিনের জন্য অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হতে পারেন এমনটাও জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদে কোন আপত্তি নেই অনুব্রত মণ্ডলের। কিন্তু তাঁকে যাতে গ্রেফতার না করা হয় সেই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করবেন এমনটাই সূত্রের খবর। বুধবারই অনুব্রত মণ্ডল তাঁর আইনজীবী মারফত তাঁর অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই এর কাছে ১৪ দিনের সময় চান এবং সেই চিঠি পাওয়ার পরই বুধবার মধ্যরাতে বোলপুরে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে সেখানে উপস্থিত হন কেন্দ্রীয় বাহিনী জ‌‌ওয়ানরাও। বাড়িতেই কি চলবে গরু পাচার মামলা কাণ্ডে জড়িত সায়গল হোসেন থেকে পাওয়া তথ্য যাচাই করতে প্রশ্ন উত্তর পর্ব? এত প্রশ্নের অবসান ঘটিয়ে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছে বীরভূমের কেষ্টকে। অভাবনীয় এই ঘটনা দেখতে বাড়ির চারিদিকে উৎসুক মানুষের ভিড় ক্রমশই বাড়ছে।

About Post Author