Home » গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই

গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার কাণ্ডে নয়া মোড়। অনুব্রত মন্ডল গ্রেফতার হওয়ার পরই সিবিআইয়ের হাতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে বীরভূমের দুটি বড় পশু হাট থেকেই নিয়ন্ত্রিত হত গরু পাচার। এমনকী এই গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন শাসক দলের বিভিন্ন নেতা এবং প্রশাসনিক আধিকারিকরাও। সিবিআই যে তথ্য পেয়েছে, তাতে জানা গিয়েছে, একটি পশু হাট ছিল ইলামবাজার ব্লকের সুখবাজারে। অন্যটি মুরারই ২ ব্লকের হিয়াতনগরে। এই দুটি হাটের মধ্যে সুখবাজার পশু হাটটি থেকে মোটা টাকার গরু পাচার হত। জানা গিয়েছে,এই হাট থেকেই মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায়, এমনকি, পড়শি দেশেও গরু পাচার করা হত।

সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে এক গরু ব্যবসায়ীর নামও রয়েছে। সেই ব্যক্তি ওখানকার গরু পাচার সিন্ডিকেটের নেতা বলেই জানা গিয়েছে। সুখবাজারে তাঁর বাড়ি রয়েছে। আর এই ব্যক্তির সঙ্গেই অনুব্রতের দেহরক্ষী সায়গাল হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি সিবিআইয়ের। সায়গালের নামও সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে।

সূত্রের খবর, ওড়িশা এবং পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার হয়ে যেসব গরু বীরভূমে আনা হত, সেগুলির বেশির ভাগই ইলামবাজার পশুহাটে আসত। ইলামবাজারের পশুহাট সরকারি নির্দেশিকা অনুযায়ী সপ্তাহে এক দিন খোলা থাকার কথা। কিন্তু, গরু পাচার কারবার শুরু হওয়ার পর থেকেই সেই হাট সপ্তাহের প্রায় সাত দিনই খোলা থাকত বলেই অভিযোগ। আরও অভিযোগ ছিল যে,গরু কিনে ট্রাকে পাচারের ব্যবস্থাও ছিল। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হত পুলিশ প্রশাসনের সহযোগিতায়। রাস্তায় যাতে পুলিশ না ধরে সেই জন্য দিনে কোনও একটি নির্দিষ্ট অঙ্কের টাকাকে প্যাড হিসাবে ব্যবহার করা হত। সেই প্যাডে ওই নির্দিষ্ট দিনের তারিখ, গাড়ির নম্বর লিখে দেওয়া হত।

সিবিআই জানতে পেরেছে,ইলামবাজার থেকে বোলপুর হয়ে পাচার হওয়া গরু পৌঁছত নলহাটি। সেখান থেকে গরু চাতরা হয়ে হিয়াতনগর রোড সংলগ্ন গরুর হাটে গরুগুলিকে বিশ্রামে রাখা হত। গরুগুলিকে দেখাশোনা করার জন্য লোক থাকত সেখানে। এরপর সিগন্যাল পেলেই সীমান্ত থেকে রাতের অন্ধকারে গরুগুলিকে ট্রাকে চাপিয়ে হিয়াতনগর মোড়, ওমরপুর হয়ে জঙ্গিপুর নিয়ে যাওয়া হত। সীমান্তে বিএসএফের মদতেই এক বা দু’ঘণ্টা সীমান্তের চোরা পথ খুলে দেওয়া হত বলেই অভিযোগ ওঠে।

About Post Author