Home » অনুব্রতর ঠিকানা নিজাম প্যালেস, জারি জিজ্ঞাসাবাদ

অনুব্রতর ঠিকানা নিজাম প্যালেস, জারি জিজ্ঞাসাবাদ

সময় কলকাতা ডেস্কঃ গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আপাতত তাঁর ঠিকানা নিজাম প্যালেস। ১০ দিনের সিবিআই হেফাজতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জেরার সম্মুখীন হবেন বীরভূমের বেতাজ বাদশা, এমনটাই সূত্রের খবর।

বেশ কয়েকটি বিষয় নিয়ে প্রশ্ন করা হতে পারে অনুব্রতকে। গরুপাচারের জন্য কত টাকা পেতেন অনুব্রত? এনামুল হকের থেকে যে টাকা যেত সেটাও কি গরু পাচারের? এনামুলের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন সায়গল ? ইলামবাজারের গরুহাট থেকে পাচার নিয়ে কি জানতেন তৃণমূল নেতা? কিভাবে চলে গরুপাচারের নেটওয়ার্ক ? এমনই নানা প্রশ্ন করা হতে পারে তাঁকে। তদন্তকারীরা মনে করছেন, নিরাপত্তারক্ষী সায়গল হোসেন এবং এনামুল হকের লিংক ম্যান ছিলেন অনুব্রত। সায়গলের ফোনের মাধ্যমে গরু পাচার সংক্রান্ত কথাবার্তা অনুব্রত সারতেন বলেই সূত্রের খবর। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে এবং প্রয়াত স্ত্রীর নামে একাধিক সম্পত্তির খোঁজ মিলেছে। ওই সম্পত্তিগুলির উৎসও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর, এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে ৪৯টি দলিল পাওয়া গিয়েছে। অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের নথি হাতে রয়েছে তদন্তকারীদের। ওই নথি দেখিয়ে আয়ের উৎস সম্পর্কে জানতে চান আধিকারিকরা। তবে সূত্রের খবর, বেশিরভাগ প্রশ্নেই ‘নীরব’ অনুব্রত। জিজ্ঞাসাবাদ চলাকালীন বারবার পাঞ্জাবির পকেটে হাত দিচ্ছেন অনুব্রত। তাঁরা মায়ের আশীর্বাদী ফুল বের করে মাথায় ঠেকাচ্ছেন তিনি।

About Post Author