সময় কলকাতা ডেস্কঃ শ্রীরামপুরের বুকেই এককালে চলত ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সশস্ত্র বিপ্লবীদের অস্ত্র প্রশিক্ষণ। সেই গোপন আস্থানা এখনও লোকচক্ষুর আড়ালে থেকে ন্যুব্জপ্রায়। ৭৫ তম স্বাধীনতা দিবসের আবহে রইল সেই না জানা ইতিহাসের কথা।
দেশের সশস্ত্র বিপ্লবীরা তখন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। কিভাবে বন্দুক ধরবেন, কিভাবে ব্রিটিসদের হিংস্র নখ দাঁত উপড়ে ফেলবেন, সেই প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন তাঁরা। সেই ঐতিহাসিক প্রশিক্ষণের সাক্ষী থেকেছে শ্রীরামপুর। ঐতিহাসিক পাফহাম মুর্তজার কুঠিবাড়ির আঙিনায় জ্বলে উঠেছিল সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের ক্রোধের বিধ্বংসী মশাল।
ইতিহাস বলছে, অনুশীলন সমিতির অন্যতম সদস্য ও বাঘাযতীনের সহকর্মী জিতেন্দ্রনাথ লাহিড়ীর উদ্যোগেই শ্রীরামপুরের পাফহাম মুরতাজার কুঠিবাড়িতে শুরু হয়েছিল অস্ত্র প্রশিক্ষণ। দেশের বহু স্বাধীনতা সংগ্রামী গোপনে অস্ত্র প্রশিক্ষণ নিতেন এই কুঠিবাড়িতেই। ইতিহাসের এই কাহিনীর কথা স্বর্ণাক্ষরে খোদাই করা রয়েছে শ্রীরামপুর তথ্যপ্রযুক্তি কেন্দ্র তথা শ্রীরামপুর ড্যানিশ মিউজিয়ামে।

কিন্তু সেই পাফহাম কুঠিবাড়িতে আজও কি কান পাতলে শোনা যায় সেই হুংকার? না। বাস্তবের ছবিটা একেবারেই অন্যরকম। এই বাড়িটি কালের নিয়মে যেন সবই হারিয়ে ফেলছে। বর্তমানে ওই বাড়িটিকে আগলে রেখেছেন মুরতাজা পাফহামের কিছু বংশধর। তাঁদের অনুযোগের তিরে বিদ্ধ প্রশাসন। বাড়ির ঠিকানাটাও পাফহাম স্ট্রিট থেকে বদলে হয়ে গিয়েছে শ্রীরামপুর তারাপ্রসন্ন ভট্টাচার্য স্ট্রিট। প্রায় ৩৬০ বছরের ঐতিহ্যের সাক্ষ্যের ভার নিয়ে যেন আর চলতে পারছে না ওই বাড়িটা। যেন গোপনেই শেষ হয়ে যাচ্ছে শ্রীরামপুরের গোপন অস্ত্র প্রশিক্ষণের ইতিহাস।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর