অমলেন্দু মন্ডল,সময় কলকাতা : কর্মক্ষেত্রে দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসাবে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছরই দেশের কয়েকজন বাছাই করা পুলিশকর্মীকে বিশেষ পদক প্রদান করা হয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এ বছরেও বিশেষ সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে অমিত শাহের মন্ত্রক। তাতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গেরও ২৫ জন পুলিশকর্মীর নাম রয়েছে।

উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা থেকে যে ২৫ পুলিশ আধিকারিকদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের মধ্যে রয়েছে ইন্সপেক্টর দেবাশীষ চক্রবর্তী। তিনি বর্তমানে বীরভূম জেলার রামপুরহাট থানার দায়িত্বে রয়েছেন।

এক সময় বগটুই গণহত্যা কাণ্ডে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল রামপুরহাটে। শুধু রামপুরহাট বা বীরভূম জেলা নয়, এর আঁচ পাওয়া গেছিল রাজ্যের সর্বত্র। এরপরই নবান্নের নির্দেশে তড়িঘড়ি রামপুরহাট থানায় ইন্সপেক্টর পদে বসানো হয় এই অফিসারকে। থানায় যোগ দেওয়ার পর থেকেই চুরি, ছিনতাই এর মত ঘটনা যেমন কমেছে, তেমনই রামপুরহাট থানা এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ফলে বন্ধ হয়েছে অসাধু কাজকর্ম। এক কথায় এলাকার আইন শৃঙ্খলা থেকে সমাজ সেবামূলক কাজ সবকিছুতেই দৃঢ়তার ছাপ রেখেছেন দেবাশীষ চক্রবর্তী। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ সম্মাননা পাওয়ার ঘোষণায় খুশির হাওয়া পুলিশমহলে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর