সময় কলকাতা ডেস্কঃ আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের জন্য এবার নয়া প্রকল্প চালু হল অসমে। প্রকল্পের নাম ‘বিদ্যা রথ: স্কুল অন হুইলস’। দরিদ্র ছেলেমেয়েরা যাতে প্রথাগত শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়,সেই উদ্দেশ্যেই এই প্রকল্প চালু করল অসম সরকার। এই প্রকল্পটির উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রান্তিক শ্রেণির ছেলেমেয়েদের মধ্যে প্রথাগত শিক্ষার প্রসার ঘটাবে ‘বিদ্যা রথ’।

জানা গিয়েছে, এই প্রকল্পের সুবিধা পাবেন একেবারে প্রান্তিক শ্রেণির পরিবারের ছেলেমেয়েরা। যারা এতদিন প্রথাগত শিক্ষা লাভের বাইরে ছিল, তাদের মধ্যেই শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু করা হয়েছে। এর ফলে ১০ মাস সাধারণ শিক্ষা পাবেন এই ছেলেমেয়েরা। স্কুল অন হুইলস –এর গাড়িগুলি বিভিন্ন জায়গায় গিয়ে তাদের প্রাথমিক শিক্ষা দেবে। ওই ছেলেমেয়েদের প্রথাগত শিক্ষার জন্য তৈরি করে তবেই স্কুলে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এমনকী এই প্রকল্পে ওই দরিদ্র পড়ুয়াদের বিনামূল্যে মিড ডে মিল, পোশাক এবং পড়ার জন্য বইও দেওয়া হবে বলেই জানান অসম সরকার।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট এই প্রকল্পের সূচনা করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা দেশকে আরও উন্নত করতে চাইছি। কিন্তু আর্থ-সামাজিক ভাবে পিছিয়ে থাকা মানুষের উন্নতি করতে না পারলে ভারতের স্বপ্নপূরণ হবে না। আগে এই পিছিয়ে পড়া ছেলেমেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এই লক্ষ্য নিয়েই ‘বিদ্যা রথ: স্কুল অন হুইলস’ প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্প আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের শিক্ষিত করে তুলতে সাহায্য করবে।’


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত