Home » সংকট কাটে নি রাজু শ্রীবাস্তবের

সংকট কাটে নি রাজু শ্রীবাস্তবের

সময় কলকাতা ডেস্কঃ একসপ্তাহ ধরেই ভেন্টিলেশনেই রয়েছেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দিল্লিতে দেখা করতে এসেছিলেন রাজু। সকালে ঘুম থেকে উঠে হোটেলেরই জিমে এক্সারসাইজ করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চিকিৎসকদের কথায়, জিম করার সময়ই হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। তারপর থেকেই চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তব। রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসতেই ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অভিনেতার সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।


প্রসঙ্গত,স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে ব্যাপক জনপ্রিয় রাজু শ্রীবাস্তব। দেশে-বিদেশে একধিক কমেডিয়ান শো করেন তিনি। তবে শুধুমাত্র স্ট্যান্ডআপ কমেডি নয়, সিনেমা জগতেও রাজুর অভিনয় বেশ নজর কেড়েছে। বলিউডের ছবিতে ছোটখাটো ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ারের সূত্রপাত। ‘ম্যায়নে প্যার কিয়া’, ‘তেজাব’, ‘বাজিগরে’র মতো হিট ছবিতে তাঁর অভিনয় বেশ নজর কেড়েছিল দর্শকদের। এরপরেই কৌতুকশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন তিনি।

About Post Author