সময় কলকাতা ডেস্কঃ ষড়যন্ত্রের শিকার জ্যাকলিন ফার্নান্ডেজ! এমনটাই দাবি তাঁর আইনজীবীর। জ্যাকলিনের আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, “আমার ক্লায়েন্টের নাম যে ইডি-র চার্জশিটে অভিযুক্ত হিসেবে রয়েছে, তা আমরা সংবাদমাধ্যমের মারফত জানতে পেরেছি। ইডি বা আদালতের তরফে এখনও পর্যন্ত অফিসিয়ালি আমাকে কিছু জানানো হয়নি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগপত্রের কোনও প্রতিলিপিও পাঠানো হয়নি।”

আইন মেনে পরবর্তী পদক্ষেপ নেবেন জ্যাকলিন, তাও জানান তাঁর আইনজীবী। তিনি বলেন, ‘অভিনেত্রী তদন্তের ক্ষেত্রে সহযোগিতা করেছেন। যতবার তলব করা হয়েছে, উনি গিয়েছেন। ওঁর কাছে যা তথ্য রয়েছে সব দিয়েছেন ইডি-কে। জ্যাকলিন বড় ষড়যন্ত্রের শিকার।‘
বুধবারই ২১৫ কোটি টাকার আর্থিক তছরূপের মামলায় ইডির চার্জশিটে অভিযুক্তের তালিকায় নাম উঠে এসেছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েক মাস ধরেই একাধিকবার ইডির জেরার মুখে পড়েছেন জ্যাকলিন। জানা গিয়েছে, জুন মাসের শেষের দিকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে একযোগে জ্যাকলিন ২১৫ কোটি টাকা আদায় করেন বলেই অভিযোগ।

সূত্রের খবর,দিল্লির এক ব্যবসায়ীর কাছে থেকে ২১৫ কোটি টাকা আদায় করেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের প্রসঙ্গেই সুকেশের সঙ্গে নাম জড়ায় জ্যাকলিনের। ইডির দাবি, জ্যাকলিন এবং সুকেশ এই তোলাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এমনকী সুকেশের থেকে অনেকবার বহুমূল্য ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় যদিও তা নিজে মুখে স্বীকারও করেছেন জ্যাকলিন। অভিনেত্রীকে এই মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। পাশাপাশি জ্যাকলিনের বিদেশ ভ্রমণের উপরেও আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে আর্থিক তছরূপের মামলায় জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?