সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক গোষ্ঠ পালের আজ জন্মদিন। মোহনবাগানরত্ন গোষ্ঠ বিহারী পালের জন্ম ১৮৯৬ সালের ২০ অগস্ট বর্তমান বাংলাদেশের মাদারীপুর সাব ডিভিশনের ভোজেশ্বর গ্রামে। মাত্র ১১ বছর বয়সে তিনি কলকাতার ক্লাবে খেলার সুযোগ পান। ১৯০৭ থেকে ১৯১৩ সাল পর্যন্ত কলকাতার কুমারটুলি ক্লাবে তিনি খেলেছেন।
মোহনবাগানের খেলোয়াড় রাজেন সেনের সহায়তায় ১৯১২ সালে মোহনবাগান দলে যোগ দেন। এরপর ২৩ বছর তিনি মোহনবাগানের হয়ে খেলেছেন। পরাধীন ভারতে সবুজ-মেরুন রঙের জার্সি গায়ে মোহনবাগান রক্ষণে তাঁর বিক্রমকে ভয় পেত বুট পরা ব্রিটিশ ফুটবলাররাও। ১৯২৪ সালে প্রথমবার ভারতীয় ফুটবল বিদেশে খেলতে যায়। সে দলেরও অধিনায়ক ছিলেন গোষ্ঠ পালই।
ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই খেলা থেকে অবসর নেন গোষ্ঠ পাল। গোষ্ঠ পালের সময় মোহনবাগান কোনও লিগ বা শিল্ড বা বড় কোনও ট্রফি জিততে পারেনি। তাহলে গোষ্ঠ পালের কৃতিত্ব কোথায় ? ক্যালকাটা ক্লাব, উরস্টার্স, নর্থ স্ট্যাফর্ড, লিস্টার্স, মিডলসেক্স, হাইল্যান্ড ইনফ্যান্টি, সকলের বিরুদ্ধেই প্রতিবাদ গড়ে তোলেন গোষ্ঠ পাল। ‘দ্য ইংলিশ ম্যান’-এর এক সাংবাদিক লিখেছিলেন- ‘Gostha imapegnable as the Chinese Wall’। তারপর থেকে প্রবাদস্বরূপ হয়ে যায় চাইনিজ ওয়াল।

১৯৬২ সালে গোষ্ঠ পাল পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ফুটবল খেলোয়াড়দের মধ্যে প্রথম তিনি এই সম্মানে সম্মানিত হন। ১৯৭১ সালে মৃত্যু হয় এই কিংবদন্তির।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
রবীন্দ্র জন্মদিন : মোদি ও মমতার কবিগুরু স্মরণ
রবীন্দ্রনাথের পরলোক চেতনা ও প্রেতচৰ্চা