Home » বিশ্ব ফটোগ্রাফি দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

বিশ্ব ফটোগ্রাফি দিবস, জেনে নিন দিনটির গুরুত্ব

সময় কলকাতা ডেস্ক: যারা ছবি তুলতে ভালোবাসেন, আজ হল তাদের দিন। প্রতি বছর ১৯ অগাস্ট বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ফটোগ্রাফি দিবস। ফটোগ্রাফির নেপথ্যের আর্ট, ক্রাফ্ট, বিজ্ঞান এবং ইতিহাসের কথা মাথায় রেখে বিশ্বজুড়ে এই দিনটি উদযাপন করা হয়ে থাকে।

সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে যেতে না দিয়ে ফ্রেমে বন্দি করে রাখার কথা মানুষের মাথায় অনেক আগেই এসেছিল। ১৮ শতকের প্রথম দিক থেকেই বিজ্ঞানীরা তাই ব্যস্ত হয়ে পড়েন এমন কিছু আবিষ্কার করার জন্য যা মানুষের বা প্রকৃতির যে কোনো মুহূর্তকে ধরে রাখতে পারবে। ছবি এমন একটি মাধ্যম যা শব্দের থেকেও তাড়াতাড়ি এবং তৎক্ষণাৎ মনের ভাব প্রকাশ করতে পারে। কোনও স্থানের চিত্র, অভিজ্ঞতা, অনুভূতি, কোনও মুহূর্ত প্রায় সবকিছুই ক্যামেরাবন্দি করা যায়। ছবি তোলা একটা আর্ট। ছবি কোনও গল্প বলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। একটা ছবি অনেক না বলা কথা বলে দেয়।

১৮৩০ সালে লুই ডাগে সর্বপ্রথম ফটোগ্রাফিক প্রসেস আবিষ্কার করেন, যার নাম ‘ডাগেরোটাইপ’। দ্য ফ্রেঞ্চ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৮৩৯ সালের ৯ জানুয়ারি সেই প্রসেসটি ঘোষণা করেন। এরপর ফরাসি সরকার ওই বছরেরই ১৯ অগাস্ট  বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রত্যেক বছর এই দিনটি বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালিত হয়।

About Post Author