সময় কলকাতা ডেস্কঃ ফের করোনা আক্রান্ত অমিতাভ বচ্চন। মঙ্গলবার রাতে একটি টুইট করে অভিনেতা নিজেই অনুরাগীদের জানান এই খবর। টুইটে বর্ষীয়ান অভিনেতা লেখেন,‘আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। তার রিপোর্ট পজিটিভ এসেছে। যাঁরা সম্প্রতি আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা দয়া করে কোভিড টেস্ট করিয়ে নেবেন।’ এই টুইটের পর থেকেই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্তরা। জানা গিয়েছে,আপাতত বাড়িতেই আইসোলেশনেই রয়েছেন তিনি।
২০২০ সালে একবার করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। তখন অমিতাভ বচ্চন ছাড়াও অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন সহ নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হন। সেসময় বেশ কয়েকদিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন অমিতাভ। এবার ফের এই ভাইরাসে আক্রান্ত হন তিনি।

বর্তমানে রিয়ালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং চলছিল তাঁর। কিন্তু অভিনেতা করোনা আক্রান্ত হওয়ায় সেই শুটিং পিছিয়ে দিতে হবে বলেই জানা গিয়েছে। রণবীর কপুর ও আলিয়া ভাট জুটির আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্রে’ দেখা যাবে অমিতাভকে। আগামী ৯ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। এছাড়াও বিকাশ ভইলের ‘গুডবাই’ ছবিতেও অভিনয় করবেন বিগ বি। দীপিকা পাডুকোনের সঙ্গে আরও একবার সিলভার স্ক্রিনে জুটি বাঁধবেন অমিতাভ। তবে দীপিকা পাডুকোনের অসুস্থতার কারণে সিনেমার শ্যুটিং এই মুহূর্তে বন্ধ রয়েছে।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?