সময় কলকাতা ডেস্ক : লম্বা সফরের ধকল কম না! এদিকে সকাল থেকেই অনুব্রত মন্ডলের পেটে কিছু পড়েনি। তাই শক্তিগড়ে নেমে একটু পেট পুজো করা আর কি। ব্যাস আর রক্ষে নেই। কেষ্ট মন্ডলকে একবার চোখের দেখা দেখতে মানুষের সেকি ভীড়! কেউ ছবি তুলতে ব্যস্ত, আবার কেউ সেলফি তোলার আবদার। আবার কেউ জয়ধ্বনি তোলেন ‘জয় বাংলা’।

ঘটনা আর কিছুই না। বুধবার আসানসোল আদালতে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ধাবায় ঢুকেছিলেন অনুব্রত মণ্ডল ওরফে তার অনুগামীদের আদরের কেষ্ট মণ্ডল।আর সেই ধাবায় নেমে ডালপুরি, ঘুঘনি দিয়েই সারতে হল প্রাতঃরাশ। কিন্তু বর্ধমানের শক্তিগড় মানেই তো ল্যাংচা আর নানারকম মিষ্টি, কিন্তু তিনি তো আবার সুগারের রুগী অগত্যা কি আর করা যাবে। দুধের স্বাদ ঘোলেই মেটাতে হল। শো কেসের ওপারে দাঁড়িয়ে ল্যাংচা দেখেই স্বাদ মেটাতে হল অনুব্রতকে। অতঃপর কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই-এর গাড়িতে উঠে আসানসোল যাত্রা আবার শুরু হয় অনুব্রত মন্ডলের ।।


More Stories
চা-বাগানে প্রকাশ্যে লেপার্ডের গরু শিকার
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক