সময় কলকাতা ডেস্কঃ স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার কলকাতায় পৌঁছন এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী-ও। বাগডোগরা থেকে বিমানে কলকাতা ফিরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুবীরেশ বলেন,‘যা কিছু জিজ্ঞাসা করার ওঁদেরকেই করুন, আমার আমলে কোনও দুর্নীতি হয়নি’। এদিন কলকাতায় পৌঁছে তিনি জানান,বাঁশদ্রোণীর সিল করে দেওয়া ফ্ল্যাটেই থাকবেন তিনি।

বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। এদিন ১০-১২ জনের তদন্তকারীর দল উপাচার্যের কোয়ার্টার এবং দপ্তরে তল্লাশি চালান। মূলত দুটি দলে ভাগ হয়ে সিবিআই-এর প্রতিনিধি দল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং উপাচার্যের বাড়িতে হানা দেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে টানা ম্যারাথন জেরা করা হয় তাঁকে। পাশাপাশি তাঁর দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটেও এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দিয়েছিল।
উল্লেখ্য,২০১৪-২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। অভিযোগ,তাঁর আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতির বড় অংশ সংগঠিত হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রিপোর্ট হাইকোর্টে জমা দেন। জানা গিয়েছে,সেই রিপোর্টেই নাম রয়েছে সুবীরেশ ভট্টাচার্যের। ওই রিপোর্ট অনুযায়ী, ৩৮১টি ভুয়ো নিয়োগ হয়েছে। তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি।

প্রসঙ্গত, রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক হেভিওয়েটদের নাম জড়িয়েছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী-সহ তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম জড়িয়েছে। কলকাতা হাইকোর্টের তরফে ইতিমধ্যেই অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এরপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম সামনে আসতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কয়েক কোটি টাকা, সোনা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে তাকেও। অন্যদিকে এসএসসি দুর্নীতি কাণ্ডে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। তারপরই এসএসসি দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে সুবীরেশ ভট্টাচার্যের।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা