Home » কৌশিকী অমাবস্যার পূর্বে প্রস্তুতি পর্ব তারাপীঠে

কৌশিকী অমাবস্যার পূর্বে প্রস্তুতি পর্ব তারাপীঠে

সময় কলকাতা ডেস্কঃ শুক্রবার কৌশিকী অমাবস্যা। অতিমারির কারণে টানা দুবছর বন্ধ ছিল তারাপীঠের কৌশিকী অমাবস্যার উৎসব। দীর্ঘ দুবছর পর করোনা অতিমারি কাটিয়ে চেনা ছন্দে ফিরেছে জনজীবন। কার্যত সেই কারণে এবার আর কোনও বিধিনিষেধ থাকছে না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় হতে পারে তারাপীঠে। তবে প্রত্যেক পুণ্যার্থীকে মাস্ক পরার অনুরোধ জানানো হয়েছে। ভিড় সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারাপীঠের মন্দির কমিটি থেকে শুরু করে জেলা প্রশাসন। ভক্তদের জন্য শুক্র ও শনিবার সারারাত মন্দির খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্দির কমিটি।

শুক্রবার মন্দিরের ভিড় সামলাতে নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে। বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে মন্দির চত্বর। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা লাগানোরও কাজ চলছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে শতাধিক সিসিটিভি লাগানো হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, গোটা মন্দির চত্বর আলোকসজ্জায় সুসজ্জিত করা হচ্ছে। প্রতি বছরের মত এবছরেও বড় পর্দার মাধ্যমে ভক্তদের আরতি দেখার ব্যবস্থা করা হবে।নিরাপত্তা দিতে মোতায়েন রয়েছেন পুলিশকর্মীরা। সবমিলিয়ে কৌশিকী অমাবস্যার উৎসবকে ঘিরে সাজো সাজো রব তারাপীঠে।

অন্যদিকে কৌশিকী অমাবস্যার আগেই আকাশ ছুঁয়েছে তারাপীঠের হোটেল ভাড়া। কেবলমাত্র একদিনের জন্য হোটেলের ঘর বুক করা যাচ্ছেনা। অন্তত তিনদিনের জন্য বুক করতে হচ্ছে হোটেল। আর সেই বুকিংয়ের জন্য মোটা টাকা খসাতে হচ্ছে ভক্তদের। তারাপীঠে প্রায় ৩৫০-রও বেশি হোটেল রয়েছে। সূত্রের খবর, তিনদিনের জন্য কোথাও নন এসি রুমের ভাড়া ৭ হাজার তো কোথাও আবার এসি রুমের ভাড়া ২০ হাজার টাকা। যা দেখে কার্যত মাথায় হাত পুণ্যার্থীদের।

কথিত আছে সাধক ব্যামাক্ষ্যাপা কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেন। তারাপীঠে শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন সাধক ব্যামাক্ষ্যাপা। তাঁকে দেখা দেন মা তারা। সেই থেকে পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা।

About Post Author