Home » শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা

শীঘ্রই ভারতে শুরু হতে চলেছে ৫জি পরিষেবা

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। সব কিছু ঠিক থাকলে আগামী ২৯ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে ভারতের ৫জি পরিষেবা। জানা গিয়েছে,প্রাথমিক ভাবে কলকাতা-সহ ১৩টি শহরে এই দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। ৫জি ইন্টারনেট পরিষেবা নিয়ে স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেটাই বাস্তব হতে চলেছে এবার।

সূত্রের খবর,সেপ্টেম্বরের শেষের দিকেই ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে’র উদ্বোধনী অনুষ্ঠানেই শুভ সূচনা হতে পারে ৫জি পরিষেবার। এর আগে ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই ৫জি পরিষেবা সূচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরিষেবা শুরুর প্রস্তুতির জন্য ভেন্ডররা আরও সময় চাইছিলেন বলেই পিছিয়ে যায় পরিষেবা শুরুর দিন।

এই ৫জি পরিষেবার তালিকায় কলকাতা ছাড়াও নাম রয়েছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, লখনউ, মুম্বই ও পুণের। ইতিমধ্যেই টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সার্ভিস প্রোভাইডারদের প্রস্তুত থাকতে বলেছেন। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া ও আদানি ডেটা নেটওয়ার্কস স্পেকট্রামের নিলামে জয়ী হয়েছিল। সংস্থাগুলির কাছে পৌঁছে গিয়েছে সরকারি চিঠিও। এই মুহূর্তে ইনস্টলেশনের কাজ চলছে বলে জানিয়ছেন মন্ত্রী। তা শেষ হয়ে গেলেই নির্দিষ্ট সময়ের মধ্যে পরিষেবা শুরু করে দিতে পারে। ৫জি নেটওয়ার্ক শুরু হলে নানা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে। কেননা এই নেটওয়ার্কের মাধ্যমে খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ তথ্য সরবরাহ করা যাবে।

প্রসঙ্গত, এখন ভারতে যে নেটওয়ার্ক চলছে, তার থেকে অন্তত দশ গুণ দ্রুত কাজ করবে ৫জি। স্পেকট্রাম এফিশিয়েন্সি হবে ৩ গুণ বেশি। গত মে মাসে আইআইটি মাদ্রাজে ট্রায়াল চলাকালীন দেশে প্রথম ৫জি কল করেন টেলিকম মন্ত্রী।

About Post Author