Home » ব্রাজিলীয়’র মলদ্বার থেকে উদ্ধার কোকেন ক্যাপসুল

ব্রাজিলীয়’র মলদ্বার থেকে উদ্ধার কোকেন ক্যাপসুল

সময় কলকাতা ডেস্কঃ কলকাতায় আগত এক ব্রাজিলিয়ান যুবকের মলদ্বার থেকে উদ্ধার হল ৪৪টি কোকেন ক্যাপসুল! আন্তর্জাতিক বাজারে যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ব্রাজিলিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো। জানা গিয়েছে, ৩১ বছর বয়সী পাওলো সিজার পিনহোরা বাসতোস ব্রাজিল থেকে দুবাই হয়ে কলকাতায় কোকেন পাচারের উদ্দেশ্যে এসেছিল।
সূত্র মারফত জানা গিয়েছে,প্রথমে ওই যুবককে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরই পেটে ব্যথার কারণ জানতে ওই যুবকের পেটের এক্স রে করেন চিকিৎসকরা৷ তাতেই দেখা যায় যুবকের পেটের মধ্যে ক্যাপসুলের মতো কিছু রয়েছে৷ এর পরেই আদালতের নির্দেশে ওই যুবককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

মাদক নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি বিবৃতি বলা হয়েছে, বেসরকারি হাসপাতালের এক্সরেতেই পাওলো সিজারের শরীরের ভিতর ওই ক্যাপসুলগুলি দেখা যায়। পরে তাঁর বিভিন্ন উইথড্রয়াল উপসর্গ, বিরক্তি-সহ একাধিক সমস্যা দেখা গেলে পাওলোকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।

জানা গিয়েছে,হলুদ রংয়ের ওই কোকেন ক্যাপসুলে থাকা মাদক পাচারের উদ্দেশ্যেই কলকাতায় এসেছিল পাওলো। তাকে গোয়েন্দারা নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছেন। নারকোটিক কন্ট্রোল ব্যুরোর অনুমান, ওই যুবক আন্তর্জাতিক কোকেন পাচার চক্রের অন্যতম মূলচক্রী। এই পাচার চক্রে আর কারা কারা জড়িত রয়েছে? কী ভাবে, কোন পথে এই মাদক পাচার হয়? তা জানতেই তদন্ত শুরু করেছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।।

About Post Author