Home » প্রকাশ্যে ‘বৌদি ক্যান্টিন’ ছবির টিজার

প্রকাশ্যে ‘বৌদি ক্যান্টিন’ ছবির টিজার

সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘বৌদি ক্যান্টিন’ ছবির টিজার। আর এবার ছবির টিজারে পরমব্রত আলাপ করিয়ে দিলেন ছবির মুখ্য চরিত্র পৌলমীর সঙ্গে। যাঁর হাতে জন্ম নেবে বৌদি ক্যান্টিন। ছবিটির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

এই ছবির অনুপ্রেরণা কলকাতার মেয়ে শেফ আসমা, বর্তমানে সে লন্ডনের একাধিক রেস্তোঁরার মালকিন। চলতি বছর পরমব্রত একটি বাংলা ছবি পরিচালনা করবেন এমন শোনা যাচ্ছিল। কিন্তু একসঙ্গে হিন্দি ও বাংলা ফিল্ম এবং ওয়েব সিরিজের কাজ পড়ে যাওয়ায় লন্ডনে গিয়ে শুটিং করা পরমব্রতর পক্ষে সম্ভব হয়নি।

বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। রান্না করতে ভালোবাসে এমন একটি মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্পই বলবে এই ছবি।পরিচালকের কথায়, ‘আমাদের সমাজের একাংশ একটা মেয়েকে তখনই সফল বলে মনে করে যখন সে বাইরে গিয়ে কাজ করে।মেয়েরা স্বাভাবিকভাবে যেটা পারেন, সেটা করেও দেখিয়ে দেয়।কিন্তু বাড়ির কাজ করেও মেয়েরা একজন পুরুষের মতো সমকক্ষ সাফল্য অর্জন করতে পারেন।সেই বার্তাই দেবে এই ছবি। ‘বৌদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। অনুসূয়া মজুমদার থাকবেন শুভশ্রীর শাশুড়ির চরিত্রে।

গত ৩ জুন মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’ ছবিটি। সেই ছবিতে রাজ চক্রবর্তীর পরিচালনায় স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন পরমব্রত এবং শুভশ্রী। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি। তার পাশাপাশি ভাল ব্যবসাও করেছে। তারপরই পরমব্রতর পরিচালনায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন শুভশ্রী।

About Post Author