সময় কলকাতা ডেস্কঃ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগটের হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালো তাঁর পরিবার। ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি জানিয়ে গোয়া সরকারকে চিঠি দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। শনিবারই হরিয়ানার মুখ্যমন্ত্রীর বাসভবনে যান সোনালি ফোগটের পরিবার। শনিবার অভিনেত্রীর অকাল প্রয়াণে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। পাশাপাশি, সিবিআই তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের পর্দাফাস হবে বলেও বিজেপি নেত্রীর পরিজনদের আশ্বস্ত করেন খট্টর।
উল্লেখ্য, চলতি সপ্তাহের সোমবারই সহকারী ও বন্ধুদের নিয়ে গোয়ায় যান হরিয়ানার বিজেপি নেত্রী সোনালি ফোগট। সারাদিন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করতেও দেখা যায় ওই টিকটক তারকাকে। ঐদিন বিকেলেই পরিবারের সঙ্গে শেষবারের মত কথা হয় তাঁর। এরপরই রাতে তিনি অসুস্থ বোধ করায় গোয়ার সেন্ট অ্যান্টনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু ময়নাতদন্তের পর সোনালির মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কারণ তাঁর শরীর জুড়ে ছিল একাধিক ক্ষতচিহ্ন। পরিবারের দাবি, খাবারে বিষ মিশিয়ে ধর্ষণ করা হয়েছিল হরিয়ানার অভিনেত্রী সোনালিকে। দায়ী করা হয়েছে সোনালির দুই সহকর্মীকেই। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত্যুর ঠিক আগে দুই সহকারীর সঙ্গেই গোয়ার এক রেস্তোরাঁয় ছিলেন সোনালি। ভিডিওতে দেখা গিয়েছে, সহকারী সুধীরকে জড়িয়ে টলতে টলতে রেস্তোরাঁ থেকে বেরোচ্ছেন সোনালি ফোগট। পুলিশের দাবি, অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে যে সোনালির পানীয়ে তারা এমডিএমএ নামক এক ধরনের রাসায়নিক মাদক মিশিয়ে দিয়েছিল। ইতিমধ্যেই, বিজেপি নেত্রী তদন্তে নেমে সোনালি ফোগটের দুই সহকারী সুধীর সাঙ্গোয়ান এবং সুখবিন্দর ওয়াসিকে গ্রেফতার করেছে পুলিশ।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?