সময় কলকাতা ডেস্কঃ ফের নক্ষত্রপতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়। সোমবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৭৬ বছর। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মুখোপাধ্যায়।

জানা গিয়েছে,ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যা নিয়ে গত ২২ আগস্ট থেকেই দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালের বেসরকারি বিভাগে ভর্তি ছিলেন তিনি। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল ‘জন অরণ্য’-এর ‘সোমনাথ’-কে।

কিছুদিন আগেও পরিচালক নির্মল চক্রবর্তীর ছবিতে কাজ করছিলেন তিনি। সিনেমার নাম ‘দত্তা’। ওই সিনেমার শ্যুটিং চলাকালীন নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউড জগতে।

সাতের দশকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় প্রদীপ মুখোপাধ্যায়ের। ১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে ‘জন অরণ্য’ ছবিতে তাঁর অভিনয় শুরু। যা আজও গেঁথে আছে দর্শকদের মনে। সোমনাথের চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় আজও কেউ ভুলতে পারেনি। তাঁর জীবনের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে-গোলাপ বউ, দৌড়, দুরাত্মা, দুরের নদী, অশ্লীলতার দায়ে, ললিতা, সতী, মানবপ্রেমিক,হিরের আংটি। এছাড়াও তাঁকে দেখা গিয়েছিল আমি ও মা, বাক্স রহস্য,কালরাত্রি,গোরস্থানে সাবধান,মন্দ মেয়ের উপাখ্যান,শত্রু,যেখানে ভূতের ভয়,মাছ মিষ্টি মোর,স্বভূমি, গয়নার বাক্সের মত জনপ্রিয় ছবিগুলিতে। এছাড়াও হিন্দি ছবি কাহানি ২, দ্য পার্সেল ছবিগুলিতেও কাজ করেছেন তিনি।।


More Stories
সোনার ছেলে শুটার ও কোচ যশপাল রানা প্রয়াত
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি