সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে । কে হবেন কংগ্রেসের নতুন সভাপতি? অবশেষে রবিবার একটি ভার্চুয়াল বৈঠক ডেকে সভাপতি নির্বাচনের দিন ঠিক করল এআইসিসি। সূত্রের খবর,অক্টোবর মাসেই সভাপতি নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হবে কংগ্রেসের অন্দরে। ১৭ অক্টোবর হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। আর ১৯ অক্টোবর জানা যাবে নতুন কংগ্রেস সভাপতির নাম।

সামনেই ২০২৪ সালের লোকসভা ভোট। দিল্লির মসনদ থেকে মোদী সরকারকে হঠানোর শপথ নিয়েছেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতেই ২২ সেপ্টেম্বর নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেই ঠিক হয়েছে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে মনোনয়ন। তবে সর্বসম্মত ভাবেই যদি কেউ সভাপতি নির্বাচিত হন, সেক্ষেত্রে আর নির্বাচনের প্রয়োজন থাকবে না। রাহুল গান্ধী সভাপতি পদ ছেড়ে দেওয়ার পর আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তাঁর মা সনিয়া গান্ধী।

এদিনের এই বৈঠকে সভাপতিত্ব করেন সনিয়া গান্ধী। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল, প্রিয়াঙ্কাও। এছাআর ছিলেন কংগ্রেস শাসিত দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও। এমনকী বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা আনন্দ শর্মাও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নির্বাচনের দিনক্ষণ সাংবাদিক সম্মেলন করে জানালেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল।
প্রসঙ্গত,কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরেই দলের অন্দরে শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক তরজা। দু দিন আগেই রাহুল গান্ধীর প্রতি অনাস্থা দেখিয়ে দল ছেড়েছেন জম্মুর নেতা গুলাম নবি আজাদ। আজাদের দল ছাড়ার পরই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, তাঁরা রাহুলকেই সভাপতি হওয়ার জন্য জোর করবেন। এরই মধ্যে অশোক গেহলটকে সভাপতি হিসাবে বেছে নিতে পারে দল,তা নিয়ে জল্পনা শুরু হতে থাকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অবশ্য সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানান, তিনি রাহুলকেই সভাপতি হিসাবে দেখতে চান।।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?