Home » কয়লাপাচার কাণ্ডে ফের নোটিস অভিষেকের শ্যালিকাকে

কয়লাপাচার কাণ্ডে ফের নোটিস অভিষেকের শ্যালিকাকে

সময় কলকাতা ডেস্ক: কয়লাপাচার কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরাকে ফের তলব করল ইডি। এবার সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মেনকা। মঙ্গলবার দুপুর আড়াইটের সময় এই মামলার শুনানির কথা রয়েছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে।

এর আগেও মেনকা গম্ভীরাকে তলব করেছিল ইডি। এই নিয়ে কয়লা পাচার মামলায় দ্বিতীয় বার নোটিস পাঠানো হল মেনকাকে। চলতি বছরের মার্চ মাসে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং শ্যালিকা মেনকা গম্ভীরাকে তলব করেছিল ইডি। সঙ্গে মেনকার স্বামী অঙ্কুশ অরোরা এবং শ্বশুর পবন অরোরাকেও জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছিল।

সূত্রের খবর, ইতিমধ্যে ইডির এই নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতের দরজায় গিয়েছেন মেনকা গম্ভীরা। আজ দুপুরেই মৌসুমি ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে। এদিকে অভিষেক প্রসঙ্গে গতকাল ছাত্র সমাবেশের মঞ্চ থেকেই আশঙ্কা করেছিলেন মমতা ব্যানার্জি। তিনি বলেছিলেন, আজকের সভায় অভিষেক খুব ভালো বক্তব্য রেখেছে, এবার হয়ত ওকেও নোটিস পাঠাবে। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই ইডি নোটিস পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, কয়লাপাচার কাণ্ডে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। আগামী শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। দিল্লির ইডি কর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

About Post Author