সময় কলকাতা ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে ফের ইডি তলবের মুখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্র্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে আসছেন ইডি আধিকারিকরা।
সোমবারই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘আজ অভিষেক এত ভালো বক্তৃতা দিয়েছে। কালই না ওকে তলব করা হয়।’ সেই আশঙ্কাই মঙ্গলবার সত্যি হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেককে তলব করল ইডি। এদিন তিনি আরও বলেন, ‘অভিষেককে তো আগেও দু’বার নোটিশ ধরিয়েছে। এমনকি, নোটিশ ধরিয়েছে ওর বউকেও। কিন্তু এ বার তো মনে হয় ওর দু’বছরের ছেলেকেও নোটিস ধরাবে। এবার ডাকলে বাচ্চাকেও নিয়ে যাস। বাচ্চাকে চিনে রাখুক ওরা। দেখুক ও কত স্ট্রং।’

কয়লা পাচার কাণ্ডে আগেও একাধিকবার দিল্লিতে তলব করা হয়েছিল অভিষেককে। এই নিয়ে অভিষেক-রুজিরা শীর্ষ আদালতে আবেদনও জানিয়েছিলেন, কলকাতাতেই যেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেই কথা মতই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার অফিসেই ডেকে পাঠাল ইডি। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘অভিষেক বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা সম্পূর্ণ চক্রান্ত। ওঁকে এজেন্সির মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। এটা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তা ইতিমধ্যেই বিজেপির নেতা-মন্ত্রীদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। অভিষেককে যে কতখানি ভয় পায় বিজেপি তা স্পষ্ট। ’


More Stories
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান