Home » শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে লোকাল ট্রেন

শিয়ালদহ থেকে ১০০ কিমি বেগে লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্কঃ শিয়ালদহ শাখার সব লোকাল ট্রেনগুলিতেই গতি বাড়াতে এবার উদ্যোগ নিল রেল। মেল লাইন সহ দক্ষিণের বারুইপুর- নামখানা অর্থাৎ সাউথের দিকের লোকাল ট্রেনেও বাড়বে গতি। পাশাপাশি বনগাঁ শাখাতেও লোকাল ট্রেনে স্পিড বাড়তে চলেছে। আর ট্রেনের গতিবেগ বাড়লে খুব স্বাভাবিক ভাবেই সাধারণ যাত্রীদের বিরাট লাভ হবে। কেননা যাত্রীদের গন্তব্যে পৌঁছতে সময় অনেকটাই কম লাগবে।

রেল সূত্রে খবর, শিয়ালদহ থেকে প্রায় সবকটি শাখাতেই ট্রেনের গতিবেগ বাড়িয়ে ১০০ কিমি প্রতি ঘণ্টা করা হচ্ছে। যা আগে ছিল ৮০ থেকে ৯০ কিমি। ফলে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০ কিমি গতিবেগ বাড়ছে বনগাঁ, রাণাঘাট, নামখানা শাখার ট্রেনগুলিতে। ইতিমধ্যেই ট্রায়াল রান হয়ে গিয়েছে। তবে গতি বাড়ানোর জন্য যে যে পরিকাঠামোগত কাজ রয়েছে তা যথেষ্ট এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে রেল সূত্রের দাবি। তবে লোকাল ট্রেনের গতি বাড়াতে এখন অনুমোদন লাগবে কমিশনার অফ রেলওয়ে সেফটির। এই অনুমোদন মেলার পরেই চলবে দ্রুত গতির ট্রেন।

সূত্রের খবর, শিয়ালদহ থেকে নৈহাটি পর্যন্ত লোকাল ট্রেনের বর্তমানে সর্বোচ্চ গতিবেগ রয়েছে ৯০ কিমি। অনুমোদন পাওয়ার পর এই গতিবেগ হবে ১০০ কিমি। আবার নৈহাটি থেকে রানাঘাট ও কৃষ্ণনগর পর্যন্ত ট্রেনের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ৯৫ কিমি। তা বাড়িয়ে করা হবে ১০০ কিমি। অর্থাৎ শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেনের সর্বোচ্চ গতিবেগ হবে ১০০ কিমি। পাশাপাশি রানাঘাট থেকে গেদেতেও ১০০ কিমি গতিবেগ সর্বোচ্চ করা হচ্ছে। একই সুবিধা থাকছে বনগাঁ শাখাতেও। অন্যদিকে, সাউথ জোনেও ১০০ কিমি করা হচ্ছে গতিবেগ।

উল্লেখ্য, শিয়ালদহ থেকে বিভিন্ন শাখায় প্রতিদিন ২০ লাখেরও বেশি যাত্রী চলাচল করে। ফলে যাত্রী চাপ থাকে ব্যাপক। এবার ট্রেনের গতিবেগ বাড়লে দুটি ট্রেনের মাঝে তৈরি হওয়া অতিরিক্ত সময়ে স্বল্প দৈর্ঘ্যের ট্রেন বাড়াতে পারে রেল। ফলে কিছুটা হলেও ট্রেনে ভিড় কমবে।।

About Post Author