সময় কলকাতা ডেস্কঃ রবিবারে বেলায় উঠুন ঘুম থেকে আর খুব দ্রুত এমন একটি মেনু সাজিয়ে দিন বাড়ির সকলের প্লেটে যে সবাই তারিফ করবেই।
সপ্তাহভর বাড়ি আর অফিস করতে গিয়ে অনেকেরই হেঁশেলে প্রায় ঢোকাই হয় না। ভালমন্দ খাওয়ার জন্য ভরসা রাখতে হয় অফিসের ক্যান্টিন নয়তো কোনও রেস্তরাঁর উপর। তবে ছুটির দিনে হাতাখুন্তিতে ঝড় তুলে মনপসন্দ রান্না করতে কে না ভালবাসে বলুন? তাই ছুটির আমেজ গায়ে মেখে রেঁধে ফেলতে পারেন ‘পাঁচফোড়ন মুরগি’। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির মাংস-৫০০
গ্রামপাঁচফোড়ন:₹দুই টেবিল চামচ
সর্ষের তেল-এক কাপ
পেঁয়াজ বাটা-এক কাপ
আদা বাটা-এক টেবিল চামচ
রসুন বাটা-এক টেবিল চামচ
হলুদ গুঁড়ো-এক টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো-এক চা চামচ
ধনে গুঁড়ো-এক চা চামচ
জিরে গুঁড়ো-এক টেবিল চামচ
টক দই-আধ কাপ
শুকনো লঙ্কা-৪টি
নুন- স্বাদ মতো
চিনি-পরিমাণ মতো
রন্ধন প্রণালী
প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাংস একটি আলাদা পাত্রে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর কড়াই আবার গরম করে তাতে টক দই এবং অন্যান্য গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর মিশ্রণটি ম্যারিনেট করে রাখা মাংসের সঙ্গে মিশিয়ে আধঘণ্টা রেখে দিন। এবার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, চিনি ও হলুদ গুঁড়ো মিশিয়ে ভাল করে কষিয়ে নিন।মশলা কষানো হয়ে এলে তাতে ম্যারিনেট করে রাখা মাংসটি দিয়ে আবার কষাতে থাকুন। মাংস খানিক নরম হয়ে এলে অল্প গরম জল দিয়ে ঢেকে দিন।
কিছুক্ষণ পর ঝোল মাখো মাখো হয়ে এলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ‘পাঁচফোড়ন মুরগি’।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার