সময় কলকাতা ডেস্কঃ হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফিশ কাটলেট। পোলাও বা গরম ভাতের সঙ্গেও রাখতে পারেন ফিশ কাটলেট।
উপকরণ
• বড় মাছের পেটি
• লেবুর রস
• সেদ্ধ করে রাখা আলু
• সয়াসস
• ধনেপাতা
• গোলমরিচের গুঁড়ো
• লবণ
• টমেটো কেচাপ
• ডিম
• কর্ণফ্লাওয়ার
• চাট মশলা
• কালোজিরা
• তেল
পদ্ধতি
রুই, কাতলা, ভেটকি, যেকোনও বড় মাছের পেটি ব্যবহার করতে পারেন। প্রথমে উনুনে একটি প্যান বসিয়ে তাতে অল্প জল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে দিন। একটু নুন দিন। কিছুক্ষণের মধ্যে জল শুকিয়ে মাছ সেদ্ধ হয়ে যাবে।
এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ভর্তা করে রাখুন। এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মশলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালভাবে মাখিয়ে নিন। তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি ডুবো তেলে ভেজে নিন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। একপাশ ভাজা হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন। যেহেতু মাছ আগেই সেদ্ধ করে রাখা তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই! তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে। এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার