সময় কলকাতা ডেস্কঃ প্রাথমিক টেট ও শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। ২০১৪ সালে টেট পাশ করা ২৩ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীকে আগামী ২৩ দিনের মধ্যে শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছয়টি ভুল প্রশ্নের কারণে টেট-এ পাস মার্ক না পাওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২৩ জন টেট পরীক্ষার্থী। সেই মামলাতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জানা গিয়েছে,২০১৪ সালে টেট উত্তীর্ণদের নিয়ে দুটি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। তার মধ্যে একটি শুরু হয় ২০১৬ সালে, অপরটি ২০২০ সালে। এই ২৩ জন মামলাকারীকে ২০১৪ সালে হওয়া টেট পরীক্ষায় তাদের অনুত্তীর্ণ বলে ঘোষণা করা হয়। পরবর্তীতে টেট-এর প্রশ্নপত্রের ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয় এবং সেই মামলায় বিশ্বভারতীর বিশেষ কমিটি জানায়, প্রশ্নপত্রের ছটি প্রশ্নই ভুল ছিল। কমিটির রিপোর্ট পাওয়ার পরই ২০১৮ সালের শেষের দিকে এই মামলায় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নির্দেশ দেয়, যারা ওই ছয়টি ভুল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে, তাদের অতিরিক্ত ছয় নম্বর করে দেওয়া হবে। আদালতের এই নির্দেশের পরও পর্ষদ বাড়তি নম্বর দেয়নি এই অভিযোগ তুলে মামলা করেন ওই ২৩ জন চাকরিপ্রার্থী।

এরপরই সমস্ত তথ্য ও দলিল খতিয়ে দেখার পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘এটা পর্ষদের ভুল। তাই পর্ষদকেই ভুল শোধরাতে হবে।’ যদিও এই বিষয়ে আদালতকে পর্ষদ জানায়, ভুল হলেও আপাতত শূন্যপদের তালিকা নেই, তাই ওই ২৩ জনকে এখনই নিয়োগ করা সম্ভব নয়। কিন্তু আদালত জানান, এই ২৩ জন ছয় বছর ধরে বঞ্চিত। তাদের প্রাপ্য সুযোগ তারা পায়নি। এখন আর সময় দেওয়া সম্ভব নয়। কার্যত সে কারণেই ২৮ সেপ্টেম্বরের মধ্যেই নিয়োগের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ইস্যুতে যদি আরও মামলা দায়ের হয় সেক্ষেত্রেও একই রায় হবে।


More Stories
বিজেপি-বিদ্রোহী তৃণমূলকে একযোগে নিশানা, তবুও বিরোধীদের প্রশংসা পাচ্ছেন কুণাল ঘোষ
তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে অপসারিত মমতা, সাসপেন্ড অভিষেক
পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?