Home » বিনা পয়সায় সাঁওতালি ভাষার পাঠশালা

বিনা পয়সায় সাঁওতালি ভাষার পাঠশালা

সময় কলকাতা ডেস্ক: বাংলায় সাঁওতালি ভাষার পড়ুয়ারা বিদ্যালয় পেলেও, প্রাইভেট টিউটর পেতে সমস্যায় পড়েন। সেই সমস্যা মেটাতে পশ্চিম বর্ধমানে কাঁকসায় বিনা পয়সার পাঠশালা খুলেছে সাঁওতালি কিছু যুবক।

পরিবর্তনের সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর সাঁওতালি ভাষার মানুষদের জন্য বিদ্যালয় খুলেছিলেন। বিদ্যালয়ের পাঠক্রমে অলচিকি লিপিকে অন্তর্ভূক্ত করা হয়। বিদ্যালয় খুঁজে পায় রাজ্যের সাঁওতালি ভাষার মানুষরা। কিন্তু বিদ্যালয়ের পড়ার পর বাড়িতে সেই পড়া পড়তে গিয়ে সমস্যায় পড়েন শিশু কিশোররা। আদিবাসী সমাজের বহু মানুষ প্রথমবার অলচিকি অক্ষরের সঙ্গে পরিচিত হতে শুরু করে। ফলে বাড়িতে কেউ বিদ্যালয়ের পড়াগুলি ঝালিয়ে না দিলে অসুবিধা হচ্ছিল তাঁদের। সেই সমস্যা মেটাতে এগিয়ে এসেছেন কাঁকসার কুলডিহার কিছু শিক্ষিত আদিবাসি যুবক।

জঙ্গলে ঘেরা কাঁকসার কুলডিহা আদিবাসী পাড়া। প্রায় কয়েকশো আদিবাসী পরিবারের বসবাস। রয়েছে একটি আদিবাসী স্কুল। সরকারিভাবে চলে সাঁওতালি ভাষায় পঠনপাঠন। পড়ুয়ার সংখ্যা প্রায় ৯০। পড়ুয়াদের পরিবারের সকলেই দিনমজুর। পরিবারের আর্থিক সংকটে থাকা পরিবারের পক্ষ থেকে প্রাইভেট টিউটর জোগার করা সম্ভব হয় না। আর সে কারণেই সমাজের মানুষকে এগিয়ে নিয়ে যেতে বিনা পয়সার পাঠশালা খুলে প্রাইভেট টিউশনের অভাব মেটাচ্ছেন আদিবাসী সমাজের শিক্ষিত যুবকরা। ফলে খুশি অভিভাবকরাও । তাঁদের দাবি এই বিনা পয়সার পাঠশালা চলুক বছরের পর বছর।

About Post Author