Home » নিহত আনিস খানের ভাইয়ের উপর হামলা

নিহত আনিস খানের ভাইয়ের উপর হামলা

সময় কলকাতা ডেস্কঃ আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের দাদা সালমান খানের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। নিজের বাড়িতেই আক্রান্ত হন তিনি। অভিযোগ, ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। মাথায় ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ বাথরুমে যাওয়ার সময় সালমানের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। সালমানের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায়। এর আগেও বেশ কয়েকবার সালমনের বাড়িতে দুষ্কৃতীরা হামলা করেছিল।  একাধিকবার স্থানীয় কুশবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান এবং তৃণমূল নেতাদের বিরুদ্ধে আমতা থানায় হামলার অভিযোগ জানায় সালমানের পরিবার। অভিযোগ, পুলিশের পক্ষ থেকে কোনও নিরাপত্তা দেওয়া হয়নি এবং কোনও ব্যবস্থাও নেয়নি।

প্রসঙ্গত,গত ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে আনিসের বাড়িতে ঢুকেছিল ৪ জন। সেদিনই ছাদ থেকেপড়ে গিয়ে মৃত্যু হয় ছাত্রনেতা আনিস খানের। তাঁকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয় বলেই পরিবারের অভিযোগ।যদিও আনিস পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়েছিল বলে দাবি করে পুলিশ। এই ঘটনার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার ।এমনকি সিভিক ভলান্টিয়ার সহ কয়েকজন পুলিশকর্মী গ্রেপ্তারও হয়েছে। কিন্তু আনিস খানের মৃত্যুরহস্যের এখনও কিনারা হয়নি, ধোঁয়াশা রয়ে গিয়েছে। তারই মাঝে তাঁর খুড়তুতো ভাইয়ের উপর হামলায় স্বাভাবিকভাবেই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

 

 

 

About Post Author