সময় কলকাতা ডেস্কঃ এবার আইনি জটিলতায় জড়ালেন অঞ্জন দত্ত। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন প্রযোজক রাণা সরকার। সেই মামলার ভিত্তিতেই অঞ্জন দত্তের ‘বেলা বোসের জন্য ‘ সিনেমার উপর স্থগিতাদেশ জারি করল আলিপুর আদালত। ইতিমধ্যেই রাণা ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লাখ টাকা দাবি করেছেন।
অঞ্জন দত্ত ঘোষণা করেছিলেন তাঁর গানের বিখ্যাত চরিত্র বেলা বোসকে নিয়ে তিনি সিনেমা করবেন। ইতিমধ্যে নামও ঘোষণা করা হয়েছিল। সেই সিনেমারই প্রযোজনা করার কথা ছিল রাণা সরকারের। অঞ্জনের সঙ্গে কথা মোটামুটি পাকাও হয়ে যায়। এমনকী, ছবির জন্য অ্যাডভান্সও দিয়ে দেন। তারপর নাকি সিনেমাটি করার পরিকল্পনা বাতিল করে দেন অঞ্জন। সূত্রের খবর, অন্য প্রযোজকের সঙ্গে এই ছবি বানাচ্ছেন অঞ্জন। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেন রাণা। এই ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। অঞ্জন দত্ত ও তাঁর পুত্র নীল দত্তের বিরুদ্ধে রাণা মামলা করেছেন, ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন ৫৭ লক্ষ টাকা।

রাণা জানিয়েছেন, এই সিনেমার জন্য তাঁর অনেক ক্ষতি হয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে ৫৭ লক্ষ টাকা দাবি করা হয়। অঞ্জন দত্তকে আইনি নোটিসও পাঠানো হয়। তবে তার কোনও উত্তর এখনো আসেনি। এরপর তিনি আদালতে যান। শুক্রবারই আলিপুর আদালত ছবির উপর স্থগিতাদেশ দেয়। অঞ্জন দত্ত অন্য কোনও প্রযোজনা সংস্থার সঙ্গে এই ছবিটা আর করতে পারবে না। এ প্রসঙ্গে রাণা জানিয়েছে, ‘যতদিন না টাকার সুরাহা মিলবে,আইনি প্রক্রিয়া চলবে। যদি টাকা ফেরত না দেন, ফের মামলা করব। ’


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?