Home » কলকাতার সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর

কলকাতার সুরাপ্রেমীদের জন্য দারুণ সুখবর

সময় কলকাতা ডেস্কঃ দারুণ সুখবর কলকাতার সুরাপ্রেমীদের জন্য। এবার রাস্তার ধারে দোকানে দাঁড়িয়ে মদ কেনার দিন শেষ হতে চলেছে কলকাতাবাসীর। কেননা সবকিছু ঠিক থাকলে কিছুদিন পর থেকেই ঝাঁ চকচকে শপিং মলে এসির ঠান্ডা হাওয়া খেতে খেতে নিজের পছন্দ অনুযায়ী মদ কিনতে পারবেন সুরাপ্রেমীরা । শুধু মদ কেনাই নয়, ওই শপিং মলে সুরাপানের ব্যবস্থাও থাকবে। জানা গিয়েছে,খাস কলকাতার এজেসি বোস রোডের উপরে হতে পারে পূর্বভারতের প্রথম মদের শপিংমল ।

শপিং মলে মদের আলাদা কোনও ডিপার্টমেন্টাল স্টোর নয়, এবার একটা গোটা শপিংমলেই বিক্রি হবে বিভিন্ন ব্র্যান্ডের মদ। একই ছাদের তলায় মিলবে ভিন্ন দেশের ব্র্যান্ডের মদ। শপিংমল ঘুরে পছন্দসই ব্র্যান্ডের মদ কেনার সুযোগ পাবেন সুরাপ্রেমীরা। ইচ্ছে হলে মনোরম পরিবেশে মলে বসে সুরাপানও করা যাবে। ইতিমধ্যেই এই এক্সক্লুসিভ শপিং মল খোলার প্রস্তুতি শুরু করেছে একটি বেসরকারি সংস্থা।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র মদের শপিং মল করার জন্য ছাড়পত্র দিতে সম্প্রতি আবগারি বিধিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে । গেজেট নোটিফিকেশনও করা হয়েছে। তবে মদ বিক্রির ক্ষেত্রে এখনও যে সমস্ত বিধিনিষেধ লাগু রয়েছে, তা শপিং মলেও অবশ্যই বজায় থাকবে।

আবগারি দফতরের আধিকারিকদের দাবি, দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতেও এরকমই একটি মদের শপিং মল রয়েছে। সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও।

প্রসঙ্গত, সম্প্রতি সস্তার বাংলার মদের নাম পাল্টে যাওয়ার বিজ্ঞপ্তি জারি হয়েছে। এমনকী পুজোর আগে দামও বাড়ছে দেশি মদের। বলা ভালো ‘‌ব্র‌্যান্ডিং’‌ হচ্ছে দেশি মদের। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে এই বিষয়ের বিজ্ঞপ্তি জেলায় পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হুইস্কিতে যে মানের স্পিরিট মেশানো হয়, বর্তমানে সেই স্পিরিট মেশানো হচ্ছে দেশি মদে, ফলে বোতল প্রতি খরচ বাড়ছে। দেশি মদের দাম বাড়তে পারে প্রায় ২০ শতাংশ। প্রায় ৭-১০ শতাংশ দাম বাড়তে পারে বিদেশি মদের। আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই নয়া দাম কার্যকর হতে পারে রাজ্যে। সরকারের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মাথায় হাত সুরাপ্রেমীদের।

About Post Author