সময় কলকাতা ডেস্ক : মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযান। দুপুর ১ টা থেকে শুরু হবে মিছিল। কলেজ স্ট্রিট, হাওড়া ময়দান, সাঁতরাগাছি- এই তিন জায়গা থেকে মিছিলের দায়িত্বে থাকবেন বঙ্গ বিজেপির প্রধান তিন মুখ দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। হাওড়া ময়দান থেকে মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাঁতরাগাছি থেকে মিছিলে পা মেলাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিট থেকে মিছিলে সামিল হবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনটি মিছিলই এগোবে নবান্নের দিকে। কোনও মিছিলই যে সহজে নবান্ন পর্যন্ত পৌঁছতে পারবে না, সেটা জেনেই গেরুয়া শিবিরের প্রস্তুতি চলছে।
বঙ্গ বিজেপির পরিকল্পনা অনুযায়ী, নিত্যযাত্রীদের ভোগান্তি এড়াতে কর্মী সমর্থকদের নবান্ন অভিযানে সামিল করতে ট্রেন ভাড়া নিয়েছে বঙ্গ বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মঙ্গলবার সকালে সাতটি স্পেশাল ট্রেন এসে পৌঁছাবে তিলোত্তমায়। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলি থেকে বাস বা ভ্যানের মাধ্যমেও শহরে পৌঁছবেন বিজেপি কর্মী-সমর্থকেরা। জানা গিয়েছে, মঙ্গলবারের এই নবান্ন অভিযানে থাকবেন সুনীল বনসল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বও।
সোমবার দিল্লিতে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতে যাওয়ার সময় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানান, ‘সোমবার দীঘার সমুদ্রের ঢেউ যেভাবে আছড়ে পড়ছে, ঠিক সেভাবেই মঙ্গলবার জনজোয়ার নবান্নের উপর আছড়ে পড়বে।’

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার হাওড়া ময়দান এলাকা পরিদর্শনে গিয়ে বাংলার শাসক দলকে তোপলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি মঙ্গলবারের সমাবেশে অসংখ্য মানুষের ঢল নামবে বলেই দাবি করেন বালুরঘাটের বিজেপি সাংসদ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?